© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দিদি মমতার বিদায়, ভাই শাহরুখ খানের পদ কী থাকবে?

শেয়ার করুন:
দিদি মমতার বিদায়, ভাই শাহরুখ খানের পদ কী থাকবে?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৬ পিএম | ১১ মে, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর নতুন করে আলোচনায় উঠে এসেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের নাম। দীর্ঘদিন ধরে রাজ্যের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সদ্য বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে এই দায়িত্বে নিয়োগ করেছিলেন। এখন মমতা ক্ষমতা হারিয়েছেন। তাই আলোচনা চলছে হিন্দু প্রধান দল বিজেপির শাসনামলে মুসলিম তারকা শাহরুখ খানের শুভেচ্ছাদূত পদটি কী এখন থাকবে?

২০১১ সালে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের পর্যটন ও সাংস্কৃতিক কার্যক্রমের শুভেচ্ছাদূত হিসেবে শাহরুখ খানকে নিয়োগ দেন। এরপর থেকেই কলকাতা ও বাংলার সঙ্গে শাহরুখের সম্পর্ক আরও গভীর হয়। বিভিন্ন অনুষ্ঠানে অভিনেতা কলকাতাকে নিজের ‘দ্বিতীয় বাড়ি’ বলেও উল্লেখ করেছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও তাকে স্নেহভরে ‘ভাই’ বলে সম্বোধন করতেন।



বিশেষ করে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কিংবা বাংলার পর্যটন প্রচারণায় নিয়মিত দেখা গেছে শাহরুখ খানকে। এছাড়া আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের মালিক হওয়ায় পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে তার আলাদা এক আবেগের সম্পর্ক তৈরি হয়েছে।

তবে সাম্প্রতিক নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ক্ষমতা হারানোর পর রাজ্যের প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে- মমতার আমলে নিয়োগ পাওয়া শাহরুখ খানের শুভেচ্ছাদূতের পদ কি বহাল থাকবে?

যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, শাহরুখ খান কেবল রাজনৈতিক পরিচয়ের কারণে নয় বরং আন্তর্জাতিক তারকা হিসেবে পশ্চিমবঙ্গের ব্র্যান্ডিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই নতুন সরকারও তাকে রেখে দিতে পারে।

আবার অন্য অংশের ধারণা, প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে নতুন মুখ খোঁজা হতে পারে। এ ক্ষেত্রে হিন্দু কোনো তারকার ভাগ্যে জুটবে রাজ্যের বিশেষ সম্মানিত এই দায়িত্ব। আলোচনায় সবচেয়ে এগিয়ে মিঠুন চক্রবর্তী। তিনি নিজে সরাসরি বিজেপির রাজনীতিতে সক্রিয়।

২০২৫ সালে শাহরুখ খানের ৬০তম জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছিলেন। জবাবে অভিনেতাও ব্যস্ততার মধ্যেও কলকাতায় আসার আশ্বাস দেন। সেই উষ্ণ সম্পর্কের পর রাজনৈতিক পালাবদলে এখন সবচেয়ে বড় প্রশ্ন- দিদি মমতার বিদায়ের পরও কি পশ্চিমবঙ্গের শুভেচ্ছাদূত থাকবেন তার ‘ভাই’ শাহরুখ খান?

পিআর/টিকে

মন্তব্য করুন