বিজয়ের শপথ গ্রহণের পরেই ভালোবাসার বার্তা তৃষার!
ছবি: সংগৃহীত
০২:৪৭ পিএম | ১১ মে, ২০২৬
তামিল রাজনীতির নতুন অধ্যায়ের সাক্ষী থাকল গোটা দেশ। অভিনেতা থেকে রাজনীতির ময়দানে উঠে এসে অবশেষে মুখ্যমন্ত্রীর আসনে বসলেন থালাপতি বিজয়। আর সেই ঐতিহাসিক মুহূর্তেই নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান। বহুদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল দক্ষিণী বিনোদন দুনিয়ায়। তবে এবার যেন সেই জল্পনায় আরও খানিকটা আগুন ঢেলে দিলেন তৃষা নিজেই।
রবিবার বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে মাকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন তৃষা। দর্শকাসনে বিজয়ের পরিবারের কাছাকাছিই বসেছিলেন তিনি। শপথের মুহূর্তে বিজয়কে দেখে তৃষার চোখে জলও ধরা পড়ে ক্যামেরায়। সেই দৃশ্য ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে শুরু হয় জোর আলোচনা।

শুধু উপস্থিতিই নয়, অনুষ্ঠান শেষে নিজের সমাজমাধ্যমে বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন তৃষা। আর সেখানেই লেখেন, “ভালবাসার শব্দ সব সময়েই বেশি জোরালো।” অভিনেত্রীর এই বার্তাকেই সম্পর্কের ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। যদিও এ বিষয়ে এখনও সরাসরি কোনও মন্তব্য করেননি তৃষা বা বিজয় কেউই।
এদিন হালকা আকাশি রঙের শাড়ি, ঘিয়ে রঙের ব্লাউজ, খোঁপায় ফুল আর গলায় হালকা গয়নায় রাজকীয় লুকে ধরা দেন অভিনেত্রী। তাঁর উপস্থিতি এবং অভিব্যক্তি নিয়েই এখন সরগরম অনুরাগীদের একাংশ।
শপথ অনুষ্ঠানের আগে সকালেই তৃষার বাড়ির সামনে ভিড় করেছিলেন ছবিশিকারিরা। বাড়ি থেকে বেরিয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেছিলেন, তিনি খুবই উদগ্রীব। তবে সম্পর্কের প্রশ্নে বরাবরের মতোই নীরব থেকেছেন।
উল্লেখ্য, নির্বাচনের ফল প্রকাশের দিনই ছিল তৃষার জন্মদিন। সেদিন মন্দিরে গিয়ে প্রার্থনা করেছিলেন অভিনেত্রী। তখন থেকেই অনুরাগীদের একাংশের ধারণা ছিল, শুধু নিজের জন্মদিন নয়, বিজয়ের রাজনৈতিক ভবিষ্যতের জন্যও প্রার্থনা করেছিলেন তিনি।
এদিকে বিজয়ের রাজনৈতিক উত্থানের এই বিশেষ দিনে তৃষার আবেগঘন উপস্থিতি এবং ভালবাসার বার্তা ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে দক্ষিণী বিনোদন জগতে। সম্পর্কের জল্পনায় এবার সত্যিই কি সিলমোহর পড়ল, সেই উত্তর অবশ্য এখনও সময়ের হাতেই।
পিআর/টিকে