সম্পর্ক নিয়ে কারিনার থেকে কখনওই পরামর্শ নেন না সোহা!
ছবি: সংগৃহীত
০৪:৫৫ পিএম | ১১ মে, ২০২৬
পতৌদি পরিবারের অন্দরের রসায়ন সবসময়ই অনুরাগীমহলে কৌতূহলের বিষয়। সম্প্রতি এক আড্ডায় সেই কৌতূহল মেটালেন অভিনেত্রী সোহা আলি খান। সম্পর্কের জটিলতা থেকে শুরু করে ফ্যাশন টিপস কিংবা গসিপ—সোহা তাঁর পরিবারের কোন সদস্যের ওপর কোন বিষয়ে ভরসা করেন, তা নিয়ে খোলামেলা কথা বললেন।সম্প্রতি এক আলাপচারিতায় সোহা জানান, তাঁর জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পতৌদি পরিবারের সদস্যরা ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করেন।
সোহা প্রকাশ করেছেন যে, দাম্পত্য বা সম্পর্কের বিষয়ে কোনও পরামর্শের প্রয়োজন হলে তিনি দাদা সাইফ আলি খানের কাছে যান। বাকিরা থাকতে সাইফের কাছেই কেন? কারণ হিসেবে সোহা বলেন, “আমি ভাইয়ের কাছে যাই কারণ এখন আমার খুব বেশি পুরুষ বন্ধু নেই। আমি মনে করি কোনও বিষয়ে পুরুষালি দৃষ্টিভঙ্গি জানাটা জরুরি। ভাই সবসময় কুণালের পক্ষ নেয় না ঠিকই, কিন্তু ও পুরো বিষয়টাকে একজন পুরুষের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে সাহায্য করে।”
অন্যদিকে স্বামী কুণাল খেমু সম্পর্কে সোহা জানান, কুণাল তাঁর জীবনে এক শান্ত প্রভাবের মতো। বিশেষ করে সন্তান মানুষ করার ক্ষেত্রে সোহা যখন মেজাজ হারান বা বিপর্যস্ত বোধ করেন, তখন কুণালই তাঁকে সামলে নেন। ফ্যাশন নিয়ে সোহার বর্তমান পরামর্শদাতা কে? সোহা হাসিমুখে জানান, তাঁর মেয়ে ইনায়া এখন তাঁর ‘ফ্যাশন কনসালট্যান্ট’। মজার ছলে তিনি কুণালের কথা টেনে বলেন, তিনি না চাইলেও কুণাল নাকি সবসময় তাঁকে স্টাইলিং নিয়ে টিপস দিতে থাকেন।

তবে সবথেকে চমকপ্রদ তথ্যটি সোহা দিয়েছেন ভ্রাতৃবধূ কারিনা কাপুর খানকে নিয়ে। সোহার কথায়, গসিপ বা বলিপাড়ার টাটকা খবরের জন্য কারিনা ই সেরা। সোহার ভাষায়, “ও নিজে গসিপ করে না, কিন্তু ও খুব ভালো পর্যবেক্ষক। এমন সব মানুষের সম্পর্কেও ওর কাছে তথ্য থাকে যারা হয়তো ওর মনে আসারই কথা নয়। ও নিশ্চয়ই এমন কোনও স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে যেটায় আমি যোগ দিতে পারলে ধন্য হতাম!”
কেরিয়ারের দিক থেকে পতৌদি পরিবার এখন বেশ ব্যস্ত। সোহাকে শেষ দেখা গিয়েছিল ২০২৫-এর ছবি ‘ছোড়ি ২’-এ। বর্তমানে তিনি তাঁর পডকাস্ট ‘অল অ্যাবাউট হার’ নিয়ে ব্যস্ত।
অন্যদিকে, সাইফ আলি খান অভিনীত ক্রাইম ড্রামা ‘কর্তব্য’ আগামী ১৫ মে নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে। গৌরী খান প্রযোজিত এই ছবিতে সাইফের সঙ্গে রয়েছেন রসিকা দুগ্গল ও সঞ্জয় মিশ্র।
কারিনা কাপুর খানকেও শীঘ্রই দেখা যাবে মেঘনা গুলজারের ইনভেস্টিগেটিভ থ্রিলার ‘দায়রা’-তে। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন দক্ষিণী তারকা পৃথ্বীরাজ সুকুমারন।
এসএন