© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কমেডি শো-তে এপস্টেইন প্রসঙ্গ, দ্বন্দ্বে জড়ালেন সঞ্চালক-অভিনেত্রী

শেয়ার করুন:
কমেডি শো-তে এপস্টেইন প্রসঙ্গ, দ্বন্দ্বে জড়ালেন সঞ্চালক-অভিনেত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৪ এএম | ১২ মে, ২০২৬
নেটফ্লিক্সের কমেডি অনুষ্ঠান ‘রোস্ট অব কেভিন হার্ট’-এ মূল আকর্ষণ হওয়ার কথা ছিল অভিনেতা কেভিন হার্টকে ঘিরে ব্যঙ্গ-বিদ্রূপ। তবে অনুষ্ঠান চলাকালে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন সঞ্চালক শেন গিলিস ও কৌতুক অভিনেত্রী চেলসি হ্যান্ডলার। 

অনুষ্ঠানে শেন গিলিস ২০১০ সালে চেলসি হ্যান্ডলারের অংশ নেওয়া একটি নৈশভোজের প্রসঙ্গ তোলেন। অভিযোগ রয়েছে, সেই আয়োজনে উপস্থিত ছিলেন বিতর্কিত অর্থলগ্নিকারী জেফরি এপস্টেইন। গিলিস দাবি করেন, ওই অনুষ্ঠানে খুব কমসংখ্যক অতিথি ছিলেন। তাদের মধ্যে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু ও চলচ্চিত্র নির্মাতা উডি অ্যালেনও ছিলেন।

চেলসি হ্যান্ডলারকে মঞ্চে ডাকার আগে সঞ্চালক গিলিস তাকে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেন। সেখানে ইহুদিবাদ, গর্ভপাত ও এপস্টেইনের বাড়ির সেই নৈশভোজ নিয়ে খোঁচা দেন। গিলিস দর্শকদের বলেন, বিষয়টি নিয়ে অনলাইনে বিভিন্ন প্রতিবেদনও রয়েছে।

এর জবাবে মঞ্চেই পাল্টা প্রতিক্রিয়া জানান চেলসি হ্যান্ডলার। বলেন, ইহুদি হওয়া আর ইহুদিবাদ সমর্থন করা এক বিষয় নয়। বিষয়টি বোঝাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সাংস্কৃতিক এলাকার উদাহরণও দেন তিনি।



পরে চেলসি পাল্টা শেন গিলিসের পুরোনো বিতর্কের কথাও তুলে আনেন। তাকে মনে করিয়ে দেন, এশীয়দের নিয়ে আপত্তিকর মন্তব্যের পুরোনো ভিডিও প্রকাশের পর জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট লাইভ’-এ যোগ দেওয়ার আগেই গিলিসকে বাদ দেওয়া হয়েছিল।

অনুষ্ঠানের একপর্যায়ে চেলসি আবারও জেফরি এপস্টেইনের প্রসঙ্গ টেনে কৌতুক করেন। বলেন, অনুষ্ঠানে উপস্থিত কয়েকজনকে দেখে মনে হচ্ছে এটি যেন অপরাধীদের ধরার কোনো টিভি অনুষ্ঠানের পর্ব।

তবে চেলসি হ্যান্ডলার বরাবরই দাবি করে এসেছেন, তিনি এপস্টেইনের বাসায় মাত্র একবারই গিয়েছিলেন। তার ভাষ্য অনুযায়ী, তিনি কখনোই এপস্টেইনের ব্যক্তিগত দ্বীপে যাননি এবং তার সঙ্গে ঘনিষ্ঠ কোনো সম্পর্কও ছিল না।

 পিআর/টিকে

মন্তব্য করুন