‘দ্য কপিল শর্মা শো’কে ঘিরে সুনীল পালের বিস্ফোরক অভিযোগ
ছবি: সংগৃহীত
১০:০৭ এএম | ১২ মে, ২০২৬
একসময় নিজেকে ‘কমেডির রাজা’ বলে দাবি করেছিলেন সুনীল পাল। তবে সেই মন্তব্য ঘিরে বিতর্ক থামার আগেই এবার নতুন বিস্ফোরক অভিযোগ তুলে আবারও শিরোনামে উঠে এলেন তিনি। জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’কে ঘিরে একাধিক অভিযোগ করেছেন এই কৌতুক অভিনেতা। আর সেই অভিযোগের তির সরাসরি গিয়েছে কপিল শর্মা, সময় রায়না, অর্চনা পূরণ সিং এবং নভজ্যোৎ সিং সিধুর দিকে।
সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে সুনীল দাবি করেন, অনুষ্ঠানে তাঁকে ইচ্ছাকৃতভাবে কোণঠাসা করা হয়েছিল। তাঁর কথায়, পুরো পরিবেশটাই ছিল একতরফা এবং সেখানে সময় রায়নার প্রতি স্পষ্ট পক্ষপাতিত্ব দেখানো হয়েছে।

সুনীলের অভিযোগ, অনুষ্ঠানে যাওয়ার আগে তাঁকে জানানো হয়নি যে সময় রায়না এবং রণবীর এলাহাবাদিয়াও উপস্থিত থাকবেন। এমনকি তাঁকে যে মঞ্চে উঠে সরাসরি কৌতুক পরিবেশন করতে হবে, সেটিও আগে থেকে বলা হয়নি। তবুও অনুষ্ঠানের জন্য তিনি প্রায় ১৫ মিনিটের একটি বিশেষ পরিবেশনা প্রস্তুত করেছিলেন।
কিন্তু শুটিং ফ্লোরে পৌঁছে নাকি পুরো পরিস্থিতিই বদলে যায়। সুনীলের দাবি, তিনি সেভাবে নিজের পরিবেশনা উপস্থাপনের সুযোগই পাননি। শুধু তাই নয়, সম্প্রচারের সময় তাঁর একাধিক কৌতুকের অংশ কেটে বাদও দেওয়া হয়।
এখানেই থামেননি তিনি। কৌতুক অভিনেতার অভিযোগ, দর্শকদের ইচ্ছাকৃতভাবে তাঁর কৌতুকে হাসতে নিরুৎসাহিত করা হয়েছিল। অথচ অন্যদের সামান্য মন্তব্যেও জোর করে হাসির আবহ তৈরি করা হচ্ছিল। তাঁর কথায়, একটা সময় মনে হচ্ছিল যেন পরিকল্পনা করেই তাঁকে ‘টার্গেট’ করা হচ্ছে।
সুনীল আরও দাবি করেন, অনুষ্ঠানটি যে মাধ্যমে প্রচারিত হয়, তারাও নাকি সময় রায়না ও রণবীর এলাহাবাদিয়ার জনপ্রিয়তা ফেরাতে বিশেষভাবে আগ্রহী ছিল। আর সেই কারণেই তাঁকে ব্যবহার করা হয়েছে অনুষ্ঠানের আকর্ষণ বাড়ানোর জন্য।
এই বিতর্কের মাঝেই সামনে এসেছে আরও একটি ঘটনা। ‘দ্য কপিল শর্মা শো’-এর একটি বিশেষ পর্বে সময় রায়না নাকি সুনীল পালের ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিয়েও কটাক্ষ করেছিলেন। পাশাপাশি তিনি এমন মন্তব্যও করেন যে, কপিল শর্মা নাকি সুনীলের পুরনো ভিডিও দেখে গালিগালাজ শেখেন।
সব মিলিয়ে, কপিল শর্মার জনপ্রিয় অনুষ্ঠানকে ঘিরে সুনীল পালের বিস্ফোরক অভিযোগ এখন বিনোদন জগতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কপিল শর্মা বা অনুষ্ঠানের অন্য সদস্যদের তরফে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।
পিআর/এসএন