কিয়ারার মন্তব্যে ফের আলোচনায় দিলজিৎ
ছবি: সংগৃহীত
১০:২৫ এএম | ১২ মে, ২০২৬
গান, মঞ্চ আর অভিনয়ে একের পর এক সাফল্য পেলেও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই রহস্য বজায় রেখেছেন দিলজিৎ দোসাঞ্জ। সামাজিক মাধ্যমে কোটি কোটি অনুরাগী থাকলেও নিজের পরিবার বা সম্পর্ক নিয়ে খুব কমই কথা বলতে দেখা যায় তাঁকে। আর সেই কারণেই এবার নতুন এক দাবি ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা।
সম্প্রতি দিলজিতকে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে তাঁর ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে। দাবি উঠেছে, জনপ্রিয় এই গায়ক নাকি গোপনে বিয়ে করেছেন। শুধু তাই নয়, তাঁর এক পুত্রসন্তানও রয়েছে বলেও খবর ছড়িয়েছে।
জানা গেছে, দিলজিতের ঘনিষ্ঠ এক বন্ধুর সূত্রেই সামনে এসেছে এই তথ্য। সেই দাবি অনুযায়ী, গায়কের স্ত্রী একজন ইন্দো-কানাডীয় নারী এবং তিনি বর্তমানে সন্তানের সঙ্গে আমেরিকায় থাকেন। তবে নিজের ব্যক্তিগত জীবনকে বরাবরই প্রচারের আলো থেকে দূরে রাখতে চেয়েছেন দিলজিৎ। তাই এ বিষয়ে প্রকাশ্যে কখনও কিছু বলেননি তিনি।
অনেকের মতে, ছোটবেলার কিছু অভিজ্ঞতাও তাঁর এই গোপনীয়তার অন্যতম কারণ। অতীতে এক সাক্ষাৎকারে নিজের বাবা-মায়ের বিচ্ছেদের কথা জানিয়েছিলেন দিলজিৎ। তখন তাঁর বয়স ছিল মাত্র ১১ বছর। সেই সময়ের মানসিক প্রভাবই হয়তো তাঁকে ব্যক্তিগত জীবন নিয়ে আরও সংযত করে তুলেছে।
এই বিতর্কের মাঝেই আবার সামনে এসেছে অভিনেত্রী কিয়ারা আদভানির পুরনো এক মন্তব্য। ‘গুড নিউজ়’ ছবির প্রচারের সময় কিয়ারা মজা করে বলেছিলেন, ছবির চার প্রধান তারকার মধ্যে একমাত্র তাঁরই সন্তান নেই। আর সেই মন্তব্য ঘিরেই নতুন করে জল্পনা শুরু হয়েছে।

ওই ছবিতে কিয়ারার সঙ্গে ছিলেন কারিনা কাপুর খান, অক্ষয় কুমার এবং দিলজিৎ দোসাঞ্জ। ফলে কিয়ারার সেই কথাকেই এখন অনেকে ইঙ্গিত হিসেবে দেখছেন।
যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে দিলজিতের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বরাবরের মতো এবারও নীরব রয়েছেন তিনি। তবে অনুরাগীদের একাংশের মতে, নিজের সম্পর্ক এবং পরিবারকে প্রচারের বাইরে রাখতেই পছন্দ করেন এই শিল্পী।
২০০২ সালে সংগীতজগতে পথচলা শুরু হয়েছিল দিলজিতের। এরপর ধীরে ধীরে পঞ্জাবি সংগীতের গণ্ডি পেরিয়ে বলিউডেও নিজের জায়গা তৈরি করেন তিনি। গান থেকে অভিনয় দুই ক্ষেত্রেই তাঁর জনপ্রিয়তা এখন তুঙ্গে। আর সেই কারণেই তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে কৌতূহলও কম নয় অনুরাগীদের মধ্যে।
পিআর/এসএন