মোদিকে ‘সম্পূর্ণ ব্যর্থ’ বলে কটাক্ষ করলেন প্রকাশ রাজ
ছবি: সংগৃহীত
১১:৩২ এএম | ১২ মে, ২০২৬
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ আবারও রাজনৈতিক মন্তব্য ঘিরে আলোচনার কেন্দ্রে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক বক্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তিনি সামাজিক মাধ্যমে সরব হয়েছেন, যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।
সম্প্রতি হায়দরাবাদে এক জনসমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশে পেট্রোল ও ডিজেল সাশ্রয় করার পাশাপাশি অপ্রয়োজনীয় ভোগ কমানোর আহ্বান জানান। তিনি সোনা কেনা কমানো, সম্ভব হলে ওয়ার্ক ফ্রম হোমে গুরুত্ব দেওয়া এবং জ্বালানি ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ দেন।
এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই ক্ষোভ প্রকাশ করেন প্রকাশ রাজ। তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তাঁকে “সম্পূর্ণ ব্যর্থ” সরকার পরিচালনাকারী নেতা বলে উল্লেখ করেন। সামাজিক মাধ্যমে তিনি অতীতের একাধিক ইস্যু তুলে সরকারের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন।
তার বক্তব্যে তিনি নোটবন্দী, কর্মসংস্থান প্রতিশ্রুতি, কৃষক আন্দোলন, স্মার্ট সিটি প্রকল্প, এবং অন্যান্য সরকারি উদ্যোগ নিয়ে সমালোচনা করেন। তাঁর দাবি অনুযায়ী, বহু প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেয়নি, বরং সাধারণ মানুষকে নানা ত্যাগ স্বীকার করতে হচ্ছে।
প্রকাশ রাজ আরও দাবি করেন, অর্থনৈতিক সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ধনী গোষ্ঠীর সুবিধা হয়েছে। তাঁর এই মন্তব্য সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে।

অভিনেতার এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক। একাংশ তাঁর বক্তব্যকে সমর্থন জানালেও অনেকেই তীব্র বিরোধিতা করেন। সমালোচকদের মতে, তিনি বারবার রাজনৈতিক ইস্যুতে অতিরিক্ত কটাক্ষ করেন, যা বিভ্রান্তি তৈরি করতে পারে।
অন্যদিকে সমর্থকরা মনে করছেন, একজন নাগরিক হিসেবে সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার অধিকার সবারই রয়েছে। ফলে এই বিতর্কে দুই পক্ষের মতই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়ভাবে উঠে এসেছে।
প্রকাশ রাজ বরাবরই রাজনৈতিক মন্তব্যের জন্য আলোচনায় থাকেন। এবারও তার বক্তব্য ঘিরে বিনোদন জগতের বাইরে রাজনৈতিক মহলেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
পিআর/এসএন