কোথায় আছেন, কী করছেন সালমানের ‘লাকি’ গার্ল খ্যাত স্নেহা?
ছবি: সংগৃহীত
১২:৪৮ পিএম | ১২ মে, ২০২৬
২০০৫ সালে মুক্তি পাওয়া ‘লাকি: নো টাইম ফর লাভ’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন স্নেহা উল্লাল। প্রথম ছবিতেই তাঁর বিপরীতে ছিলেন সালমান খান। তবে অভিনয়ের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছিল তাঁর চেহারা। কারণ, অনেকেরই মনে হয়েছিল তিনি যেন হুবহু ঐশ্বরিয়া রাই বচ্চন-এর প্রতিচ্ছবি।
নীল চোখ, হাসি আর মুখের আদলে ঐশ্বরিয়ার সঙ্গে বারবার তুলনা করা হত স্নেহাকে। সেই সময় সংবাদমাধ্যম থেকে শুরু করে দর্শকমহল সর্বত্রই চলত এই আলোচনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই পুরনো স্মৃতিই সামনে আনলেন অভিনেত্রী।
স্নেহা জানান, ক্রমাগত তুলনার কারণে তিনি মানসিকভাবে অস্বস্তিতে ভুগতেন। বিশেষ করে ঐশ্বরিয়ার বিষয়টি কীভাবে নিচ্ছেন, তা নিয়ে তাঁর মধ্যে ভয় কাজ করত। প্রথমবার দেখা হওয়ার সময় নাকি তিনি নিজেই ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চেয়ে বলেছিলেন, “দয়া করে আমাকে ঘৃণা করবেন না।”
তবে ঐশ্বর্যের ব্যবহার তাঁকে মুগ্ধ করেছিল। অভিনেত্রীর কথায়, ঐশ্বর্য অত্যন্ত আন্তরিকভাবে তাঁকে স্বাগত জানিয়েছিলেন এবং বলিউডে অভিনন্দনও জানিয়েছিলেন। সেই মুহূর্ত আজও তাঁর মনে গেঁথে রয়েছে।
বলিউডে শুরুটা নজরকাড়া হলেও স্নেহার কেরিয়ার খুব বেশি দূর এগোয়নি। পরে তিনি দক্ষিণী ছবির দিকে ঝুঁকে পড়েন। সেখানে বেশ কয়েকটি সফল ছবিতেও অভিনয় করেন তিনি।
তবে ব্যক্তিগত জীবনে চলছিল এক কঠিন লড়াই। একটি অটোইমিউন রোগে আক্রান্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকতে হয়েছিল তাঁকে। শারীরিক দুর্বলতার কারণে কাজের গতি অনেকটাই কমে যায়।

কয়েক বছরের বিরতির পর আবারও অভিনয়ে ফেরেন স্নেহা। ওয়েব সিরিজ ও একাধিক ছবিতে কাজ করার পর সম্প্রতি তেলুগু সিনেমাতেও প্রত্যাবর্তন করেছেন তিনি। এখন আগের তুলনায় অনেক বেশি বেছে কাজ করছেন অভিনেত্রী।
গ্ল্যামারের চেয়ে অভিনয়ের মানকেই বেশি গুরুত্ব দিতে চান স্নেহা। দীর্ঘ বিরতির পর তাঁর এই নতুন যাত্রা নিয়েও এখন আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।
পিআর/এসএন