কোন পৌরাণিক গল্পে দেখা যাবে ‘ধুরন্ধর’ খ্যাত রণবীরকে?
ছবি: সংগৃহীত
১২:৫৫ পিএম | ১২ মে, ২০২৬
রণবীর সিং এখন বলিউডের সবচেয়ে আলোচিত নামগুলির একটি। ধুরন্ধর ছবিতে ‘হামজা’ চরিত্রে তাঁর অভিনয় ইতিমধ্যেই দর্শকদের মুগ্ধ করেছে। বক্স অফিসেও একের পর এক রেকর্ড গড়ছে ছবি। আর সেই সাফল্যের মাঝেই সামনে এল আরও বড় চমক।
ইন্ডাস্ট্রির অন্দরমহলের জোর গুঞ্জন, এবার নাকি সম্পূর্ণ ভিন্ন অবতারে বড় পর্দায় হাজির হতে চলেছেন রণবীর। ভারতীয় গুপ্তচরের চরিত্রের পর এবার তাঁকে দেখা যেতে পারে ভগবান শিবের আদলে নির্মিত এক পৌরাণিক চরিত্রে।

শোনা যাচ্ছে, জনপ্রিয় লেখক আমিষ ত্রিপাঠী-র বহুল জনপ্রিয় দ্য ইমমর্টাল অফ মেলুহা অবলম্বনে তৈরি হতে চলেছে নতুন ছবি। সূত্রের দাবি, রণবীরের প্রযোজনা সংস্থা ইতিমধ্যেই এই উপন্যাসের স্বত্ব কিনে নিয়েছে।
এই গল্পে সিন্ধু সভ্যতাকে ‘মেলুহা’ নামে কল্পনা করা হয়েছে। সেখানে শিব কোনও দেবতা নন, বরং হিমালয়ের এক সাধারণ যোদ্ধা, যিনি ধীরে ধীরে মানুষের মনে দেবতুল্য মর্যাদা অর্জন করেন। ইতিহাস, পৌরাণিক কাহিনি এবং কল্পনার মিশেলে তৈরি এই গল্প বহুদিন ধরেই পাঠকমহলে জনপ্রিয়।
জানা যাচ্ছে, শুধু একটি নয়, গোটা ট্রিলজিকেই বড় পর্দায় আনার পরিকল্পনা চলছে। অর্থাৎ তিনটি ছবির মাধ্যমে পুরো গল্প তুলে ধরা হতে পারে দর্শকদের সামনে। তবে এখনও পর্যন্ত পরিচালক চূড়ান্ত হয়নি বলে খবর।
ইন্ডাস্ট্রির একাংশের দাবি, রণবীর দীর্ঘদিন ধরেই এই গল্প নিয়ে কাজ করতে আগ্রহী ছিলেন। বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে এবং সেটিকে আন্তর্জাতিক মানের ভিজ্যুয়াল অভিজ্ঞতা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সব কিছু ঠিক থাকলে, ২০২৮ সালের মধ্যেই প্রথম ছবির শুটিং শুরু হতে পারে বলে খবর। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
‘ধুরন্ধর’-এর সাফল্যের পর রণবীরের এই সম্ভাব্য নতুন অবতার এখন থেকেই কৌতূহল বাড়াচ্ছে দর্শকদের মধ্যে। অ্যাকশন থেকে পৌরাণিক চরিত্র— সম্পূর্ণ ভিন্ন দুই জগতের চরিত্রে নিজেকে মেলে ধরতে প্রস্তুত অভিনেতা।
পিআর/এসএন