বিতর্কে দিশার আলোচিত প্রেমিক তালবিন্দর!
ছবি: সংগৃহীত
০২:০২ পিএম | ১২ মে, ২০২৬
কয়েক মাস আগেই অভিনেত্রী দিশা পাটানীর সঙ্গে সম্পর্কের গুঞ্জনে শিরোনামে উঠেছিলেন পঞ্জাবি গায়ক তালবিন্দর। তবে এবার ব্যক্তিগত সম্পর্ক নয়, একেবারে অন্য কারণে বিতর্কে জড়ালেন তিনি। পাকিস্তানি শিল্পী হাসান রহিমের সঙ্গে এক মঞ্চে গান গাওয়ার পর থেকেই সমাজমাধ্যমে শুরু হয়েছে তুমুল সমালোচনা।
সম্প্রতি কানাডার টরন্টোয় আয়োজিত হয়েছিল পাকিস্তানি শিল্পী হাসান রহিমের গানের অনুষ্ঠান। সেই অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন তালবিন্দর। শুধু দর্শকাসনে বসেই থাকেননি, মঞ্চে উঠে হাসানের সঙ্গে গানও গেয়েছেন তিনি। সেই মুহূর্তের একাধিক ছবি ও ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। পরে তলবিন্দর নিজেও নিজের সমাজমাধ্যমের পাতায় অনুষ্ঠানের কিছু মুহূর্ত ভাগ করে নেন। সেখানে তিনি লেখেন, টরন্টোয় এসে তাঁর ইচ্ছাপূরণ হয়েছে। আর তারপর থেকেই শুরু হয় বিতর্ক।
২০২৫ সালের এপ্রিল মাসে পহেলগাঁও হামলার পর থেকেই ভারতে পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল। সেই ঘটনার পর ভারতীয় শিল্পীদেরও পাকিস্তানি শিল্পীদের সঙ্গে যৌথ ভাবে কাজ না করার নির্দেশ দেওয়া হয়। তাই হাসান রহিমের অনুষ্ঠানে তলবিন্দরের উপস্থিতি অনেকেরই ভাল ভাবে নেয়নি।
একাংশের অভিযোগ, হাসান রহিম নাকি আগে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মন্তব্য করেছিলেন। সেই প্রসঙ্গ টেনেই এক নেটাগরিক লেখেন, যিনি দেশের সেনা অভিযানের বিষয় নিয়ে মশকরা করেছেন, তাঁর অনুষ্ঠানে গিয়ে তলবিন্দর কেন অংশ নিলেন? আবার অন্য এক জন সরাসরি তালবিন্দরকে কটাক্ষ করে লেখেন, দেশের বিষয়ে এমন আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়।

যদিও পুরো বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তলবিন্দর। তবে সমাজমাধ্যমে তাঁকে নিয়ে আলোচনা ক্রমেই বাড়ছে।
তালবিন্দর মূলত পঞ্জাবি লোকসঙ্গীতকে আধুনিক ঢঙে তুলে ধরার জন্য জনপ্রিয়। নিজের ব্যক্তিগত পরিচয় আড়াল করে রাখতেই মুখোশ পরে মঞ্চে ওঠেন তিনি। ‘খয়াল’ এবং ‘নশা’র মতো গান নতুন প্রজন্মের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। কর্ণ অজুলা, হানি সিংহের মতো শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন তিনি। আর সম্প্রতি দিশা পটানীর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জনও বারবার উঠে এসেছে বিনোদন মহলে।
পিআর/এসএন