তোমার হৃদয় সকলের থেকে আলাদা: ঋতুপর্ণা
ছবি: সংগৃহীত
০২:১২ পিএম | ১২ মে, ২০২৬
একদিকে অভিনয়জগৎ, অন্যদিকে সংসার। সবকিছুর মাঝেও ঋতুপর্ণা সেনগুপ্তর জীবনের সবচেয়ে বড় পরিচয় তিনি একজন মা। ব্যস্ত শুটিং, অনুষ্ঠান আর কাজের চাপে দিন কাটলেও দুই সন্তানকে ঘিরেই আবর্তিত হয় তাঁর ব্যক্তিগত পৃথিবী। আর তাই প্রতি বছর ১২ মে দিনটি অভিনেত্রীর কাছে হয়ে ওঠে বিশেষ আবেগের।
২০১১ সালের এই দিনেই জন্ম হয়েছিল তাঁর কন্যা ঋষণার। বর্তমানে সিঙ্গাপুরের একটি স্কুলে পড়াশোনা করছে সে। মেয়ের জন্মদিন উপলক্ষে সমাজমাধ্যমে একাধিক ছবি ভাগ করে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন ঋতুপর্ণা। সেখানে অভিনেত্রী লিখেছেন, প্রতি বছর এই দিনে তিনি নীরবে জীবনকে ধন্যবাদ জানান, কারণ তিনি ঋষণার মা। তাঁর কথায়, শুধু রূপে নয়, মন আর হৃদয়ের সৌন্দর্যেও সকলের থেকে আলাদা তাঁর মেয়ে।

অভিনেত্রীর এই পোস্ট ঘিরেই অনুরাগীদের মধ্যে ছড়িয়েছে আবেগ। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন ঋষণাকে। আবার কেউ কেউ লিখেছেন, পর্দার বাইরেও একজন মমতাময়ী মা হিসেবেই সবচেয়ে বেশি সুন্দর ঋতুপর্ণা।
ছেলে অঙ্কণও এখন অনেকটাই বড়। বোস্টন থেকে পড়াশোনা শেষ করেছে সে। অন্যদিকে মেয়েও পড়াশোনার কারণে সিঙ্গাপুরেই থাকে। তাই কাজের সূত্রে পরিবার থেকে দূরে থাকলেও সুযোগ পেলেই সন্তানদের কাছে ছুটে যান অভিনেত্রী।
ছোটবেলা থেকেই বিভিন্ন অনুষ্ঠান ও ইভেন্টে মায়ের সঙ্গে দেখা যেত ঋষণাকে। মায়ের অভিনয় দেখতে ভীষণ ভালোবাসে সে। শহরে ফিরলেই মায়ের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত হয়ে পড়ে কন্যা। আর সেই মুহূর্তগুলিই ঋতুপর্ণার কাছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
পিআর/এসএন