ছোট ভাই পড়ালেন জানাজা, শহীদ মিনারে নেওয়া হচ্ছে আতাউর রহমানের মরদেহ
ছবি: সংগৃহীত
০৩:৪১ পিএম | ১২ মে, ২০২৬
দেশের মঞ্চনাট্যের অন্যতম ব্যক্তিত্ব ও ‘মঞ্চসারথি’ হিসেবে পরিচিত প্রয়াত আতাউর রহমানের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ জোহর রাজধানীর মগবাজারে ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে তার নিজ বাসভবনের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ছোট ভাই আবু নোমান মামুদুর।
জানাজায় উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, জাহিদ হাসান, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু ও গাজী রাকায়েতসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ জানিয়েছেন, বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আতাউর রহমানের মরদেহ রাখা হবে।
তিনি বলেন, ‘আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় সফর থাকায় শহীদ মিনারে মরদেহ নেওয়া নিয়ে কিছু অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত অনুমতি পাওয়া গেছে। বিকেল ৩টায় সেখানে মরদেহ নেওয়া হবে।’

বাদ আসর বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর পপুলার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই নাট্যব্যক্তিত্ব।
এসএ/এসএন