দক্ষিণ ফ্লোরিডায় দাবানলে ৭ হাজার একর এলাকা ভস্মীভূত
ছবি: সংগৃহীত
০৩:৫৪ পিএম | ১২ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি-ডেড এবং ব্রোওয়ার্ড কাউন্টিতে ছড়িয়ে পড়া এক ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ৭ হাজার একরেরও বেশি ভূমি ভস্মীভূত হয়েছে।
’ম্যাক্স রোড ফায়ার’ নামে পরিচিত এই দাবানলটি রোববার ( ১০ মে) থেকে জ্বলছে এবং সোমবার ( ১১ মে ) সকাল নাগাদ পুরো এলাকার আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে ফেলেছে।
ফ্লোরিডা ফরেস্ট সার্ভিসের তথ্য অনুযায়ী, ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যক কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। হেলিকপ্টার থেকে ফেলা হচ্ছে পানি ও রাসায়নিক। ফ্লোরিডা ফরেস্ট সার্ভিস জানিয়েছে, পশ্চিম ব্রাওয়ার্ড কাউন্টিতে ৭ হাজার একরের বেশি এলাকা দাবানলে পুড়েছে। প্রায় সাড়ে ৬শ' বাড়িকে বিপদমুক্ত রাখতে চারপাশে তৈরি করা হয়েছে সুরক্ষামূলক বেষ্টনী। জারি করা হয়েছে সতর্কতা।
হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকে পানি ফেলে আগুনের বিস্তার রোধের চেষ্টা চলছে।
দাবানলটি মূলত ইউএস-২৭ মহাসড়কের পশ্চিমে এবং নর্থ ক্রোম অ্যাভিনিউ এলাকায় অবস্থান করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও পার্শ্ববর্তী সমারসেট একাডেমি স্কুল কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। তবে স্কুল ও পরীক্ষা কার্যক্রম আপাতত স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাতাসের গতি ধোঁয়াকে উত্তর-উত্তরপশ্চিম দিকে ঠেলে দেওয়ায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এলাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগীদের সতর্ক থাকতে বলেছে।
অতিরিক্ত ধোঁয়ার সংস্পর্শে আসলে মাথাব্যথা, শ্বাসকষ্ট এবং চোখ-নাকের জ্বালাপোড়া হতে পারে বলে জানানো হয়েছে। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা থাকায় দমকলকর্মীরা কিছুটা স্বস্তির আশা করছেন বলে জানিয়েছে ফ্লোরিডা ফরেস্ট সার্ভিস।
ভারী ধোঁয়ার কারণে ইউএস-২৭ এবং সংলগ্ন এলাকাগুলোতে দৃশ্যমানতা কমে যাওয়ায় চালকদের সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে পুলিশ।
টিজে/টিএ