অরিজিতের অবসর প্রসঙ্গে কী বললেন প্রীতম?
ছবি: সংগৃহীত
চলতি বছরের শুরুতে হঠাৎ করেই চলচ্চিত্রে গান গাওয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। সেই সিদ্ধান্ত ঘিরে যখন নানা জল্পনা চলছিল, তখনই নতুন মোড় নেয় বিষয়টি। দীর্ঘদিনের সহকর্মী ও প্রখ্যাত সুরকার প্রীতম চক্রবর্তী সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন, অরিজিতের সেই আকস্মিক ঘোষণার পেছনে নাকি রয়েছে তাঁর নিজেরই অবসর নিয়ে ভাবনার প্রভাব।
প্রীতম জানান, গত কয়েক মাস ধরে তিনি ব্যক্তিগত জীবনের কারণে কাজ থেকে কিছুটা বিরতি নেওয়ার পরিকল্পনা করছিলেন। তাঁর সন্তানেরা পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আর সেই সময় তাদের পাশে থাকার ইচ্ছা থেকেই এই সিদ্ধান্তের কথা ভাবছিলেন তিনি। এই প্রসঙ্গেই অরিজিতের সঙ্গে একাধিকবার কথোপকথন হয় তাঁর।
প্রীতমের ভাষায়, তিনি অরিজিতকে বহুবার নিজের অবসর নেওয়ার ভাবনার কথা জানিয়েছেন। এমনকি তাঁদের মধ্যে হাস্যরসের ছলে কথাও হয়েছে যে, একসঙ্গে সময় কাটানোর পরিকল্পনা থাকবে। একবার অরিজিত তাঁকে বলেছিলেন, তিনি যখন অবসর নেবেন, তখন প্রীতমও যেন একই সিদ্ধান্ত নেন। সেই কথার সূত্র ধরেই বিষয়টি আরও আলোচনায় আসে।
সুরকার আরও জানান, প্রায় এক বছর ধরেই তিনি অবসরের প্রসঙ্গ তুলছিলেন, যা অরিজিতের কানে পৌঁছায়। এক রাতে অরিজিত তাঁকে সরাসরি বলেছিলেন, তিনি যেদিন অবসর নেবেন, সেদিনই তিনিও একই সিদ্ধান্ত নেবেন। এর পরদিনই অরিজিৎ সামাজিক মাধ্যমে ঘোষণা করেন যে তিনি আর নতুন চলচ্চিত্রে গান গাইবেন না।
এই ঘটনার পর প্রীতমের সঙ্গে অরিজিতের আবারও যোগাযোগ হয়। তখন অরিজিৎ নাকি মজার ছলে বলেন, তাঁর পক্ষে অবসর নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হবে না। এই পুরো ঘটনাকে প্রীতম শুধুই আবেগ ও ক্লান্তির প্রকাশ হিসেবে দেখছেন।

তিনি আরও বলেন, শিল্পীদের জীবনে অবসর শব্দটি স্থায়ী বিদায়ের অর্থ বহন করে না। এটি মূলত একটি দীর্ঘ বিরতি, যেখানে শিল্পীরা নিজেদের সৃজনশীলতাকে নতুনভাবে খুঁজে নিতে চান। তাঁর মতে, অরিজিৎ অত্যধিক কাজের চাপের কারণে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং তাই কিছু সময়ের বিরতির সিদ্ধান্ত নিয়েছিলেন।
প্রসঙ্গত, ঘোষণার পরও অরিজিৎকে আবারও একটি বিশেষ চলচ্চিত্রের জন্য গান গাইতে দেখা গেছে, যা নিয়ে নতুন করে আলোচনার জন্ম হয়। প্রীতমের এই বক্তব্যে এখন ভক্তদের মধ্যে ধারণা আরও দৃঢ় হচ্ছে যে, এটি চূড়ান্ত বিদায় নয়, বরং একটি সাময়িক বিরতি।
এখন সংগীতজগৎ তাকিয়ে আছে অরিজিৎ সিংয়ের পরবর্তী সিদ্ধান্তের দিকে, আর একই সঙ্গে প্রীতম চক্রবর্তীর ভবিষ্যৎ পরিকল্পনাও ঘিরে রয়েছে কৌতূহল।
এসএ/এসএন