© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘রকস্টার’-এর গানে চমকে দিলেন শাকিব

শেয়ার করুন:
‘রকস্টার’-এর গানে চমকে দিলেন শাকিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৮ পিএম | ১২ মে, ২০২৬
অ্যানিমেটেড টিজার ও ভিডিও টিজারের পর এবার প্রকাশ পেল ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘রকস্টার’ সিনেমার প্রথম গান ‘পিরিতি’। পূর্ব ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গানটি প্রকাশ করা হয়।
গানটির পুরো দৃশ্য ধারণ করা হয়েছে কারাগারের ভেতরে। প্রকাশের সময় ক্যাপশনে লেখা হয়, ‘প্রেম আর বিরহের গভীর অনুভূতিতে মোড়া থাক ভালোবাসার গল্পেরা…।

‘পিরিতি’ গানে শাকিব খানকে দেখা গেছে একেবারে ভিন্ন ও ভাঙাচোরা অবস্থায়। তবে কী কারণে তার চরিত্রটি জেলে গেছে, সেটি এখনো খোলাসা করা হয়নি। অন্তর্জালে আসার পরপরই ইতিবাচক সাড়া পাচ্ছে গান ভিডিওটি। কেউ কেউ লিখেছেন, ‘জনরা অনুযায়ী একদম পারফেক্ট’, আবার কেউ লিখেছেন, ‘অসাধারণ গান, সঙ্গে এক্সপ্রেশন ও অভিনয়’।



আবার একজন লিখেছেন, ‘শাকিব খান তো রীতিমতো চমকে দিচ্ছেন, পুরো দস্তর অভিনেতা। কী এক্সপরেশন! কী অভিনয়!’

গানটির কথা লিখেছেন হাসান রোবায়েত। সুর করেছেন আহমেদ হাসান সানি এবং সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি পর্দায়ও দেখা গেছে পান্থ কানাইকে।

রকস্টার সিনেমায় এবার কোনো গ্যাংস্টার বা অ্যাকশন হিরো নয়, একজন পেশাদার সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। চরিত্রের জন্য তিনি নিজের লুকেও এনেছেন বড় পরিবর্তন। এমনকি কমিয়েছেন ওজনও।

গত ৫ মে সিনেমাটির প্রথম টিজার প্রকাশের পর থেকেই নতুন এই লুকে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়। দেশের পাশাপাশি বিদেশের বিভিন্ন প্ল্যাটফর্মেও টিজারটি আলোচনায় আসে।
নির্মাতা আজমান রুশো জানিয়েছেন, সিনেমাটিতে একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান-পতন ও বাস্তব জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরা হবে। তিনি বলেন, সংগীতের সঙ্গে নিজের অভিজ্ঞতা এবং বাস্তব জীবনের রকস্টারদের গল্প থেকেই এই সিনেমার ভাবনা এসেছে।

‘রকস্টার’-এর বেশিরভাগ গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি। গানগুলোতে কণ্ঠও দিয়েছেন তিনি। এ ছাড়া গান লিখেছেন রাজীব হাসান, হাসান রোবায়েত ও অংকন। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব ও সামিউল ভূঁইয়া। আসছে ঈদুল আজহায় মুক্তির কথা রয়েছে সিনেমাটির।

এসএ/টিএ


মন্তব্য করুন