বিয়ের গুঞ্জনে ফের আলোচনায় করণ-তেজস্বী
ছবি: সংগৃহীত
১০:২৭ পিএম | ১২ মে, ২০২৬
হিন্দি ছোটপর্দার অন্যতম জনপ্রিয় জুটি করণ কুন্দ্রা এবং তেজস্বী প্রকাশকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। বহু দিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। কখন বিয়ে করছেন, আদৌ বিয়ে করেছেন কি না- এই প্রশ্ন প্রায়ই ঘুরে ফিরে আসে সমাজমাধ্যমে। যদিও এতদিন সেই সমস্ত জল্পনাকে নিছক গুজব বলেই উড়িয়ে দিয়েছেন দুই তারকা। কিন্তু এবার তাঁদের ঘনিষ্ঠ এক ব্যক্তির মন্তব্যে ফের উত্তাল নেটপাড়া।
সম্প্রতি অভিনেতা অভিষেক কুমারের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নতুন বিতর্ক। সেই ভিডিয়োয় অভিষেককে বলতে শোনা যায়, “ভাই তো আইনি বিয়ে সেরে ফেলেছে!” এই একটি মন্তব্যই যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। মুহূর্তে অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। অনেকেরই দাবি, করণ এবং তেজস্বী হয়তো গোপনেই আইনি বিয়ে সেরে ফেলেছেন, কিন্তু বিষয়টি প্রকাশ্যে আনেননি।

বর্তমানে একটি রিয়্যালিটি শোয়ে একসঙ্গে দেখা যাচ্ছে অভিষেক ও তেজস্বীকে। তার মাঝেই এমন মন্তব্য সামনে আসায় বিনোদন দুনিয়ায় তৈরি হয়েছে নতুন কৌতূহল। যদিও এই প্রথম নয়, এর আগেও একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে করণ ও তেজস্বী নাকি গোপনে বিয়ে করেছেন। তবে সেই সময় করণ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, গত কয়েক মাস ধরেই এই ধরনের ভুয়ো গুঞ্জন ছড়ানো হচ্ছে। তাঁর কথায়, “সবটাই মিথ্যে।”
তেজস্বীও এর আগে এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গে মুখ খুলেছিলেন। তিনি জানিয়েছিলেন, এই মুহূর্তে বিয়ে নিয়ে কোনও পরিকল্পনা নেই। সেই মন্তব্যের পর কিছুদিনের জন্য আলোচনা থেমে গেলেও, নতুন এই ভিডিয়ো আবারও সব জল্পনাকে সামনে এনে দাঁড় করিয়েছে।
বাস্তবে কী ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে করণ ও তেজস্বীর সম্পর্ক নিয়ে অনুরাগীদের আগ্রহ যে একটুও কমেনি, তা আরও একবার প্রমাণ হয়ে গেল।
এসএ/টিএ