নোলানের ছবিতে দেবী অ্যাথেনা হিসেবে থাকছেন জেনডায়া
ছবি: সংগৃহীত
১১:১৫ এএম | ১৩ মে, ২০২৬
বিশ্ববিখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলান এবার পর্দায় নিয়ে আসছেন গ্রিক পুরাণের অমর মহাকাব্য ‘দ্য ওডিসি’। বড় বাজেটের এই সিনেমায় যুক্ত হয়েছেন হলিউডের একঝাঁক মহাতারকা।
২০২৬ সালের ১৭ জুলাই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বহুল প্রতীক্ষিত চলচ্চিত্রটি।
সিনেমাটিতে নাম ভূমিকায় অর্থাৎ ইথাকার রাজা ওডিসিউসের চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। তার স্ত্রী পেনেলোপির চরিত্রে আছেন অ্যান হ্যাথাওয়ে এবং তাদের পুত্র টেলেমাকাসের ভূমিকায় দেখা যাবে ‘স্পাইডারম্যান’ খ্যাত টম হল্যান্ডকে।
জ্ঞান ও রণকৌশলের দেবী অ্যাথেনা চরিত্রে রয়েছেন জেনডায়া। প্রধান খলনায়ক অ্যান্টিনাস চরিত্রে রবার্ট প্যাটিনস। লুপিতা নিয়ং'ও অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে (হেলেন অফ ট্রয় ও ক্লাইটেমনেস্ট্রা)।
নোলানের সিনেমা মানেই সময়ের খেলা। ‘দ্য ওডিসি’ সিনেমাটিও দুটি ভিন্ন সময়রেখায় এগোবে।

একদিকে ওডিসিউসের (ম্যাট ডেমন) সমুদ্রের বিপদসংকুল রোমাঞ্চকর যাত্রা, আর অন্যদিকে তার অনুপস্থিতিতে রাজ্য রক্ষার জন্য পুত্র টেলেমাকাসের (টম হল্যান্ড) প্রাণপণ লড়াই। প্রাচীন এই পৌরাণিক কাহিনীর সাথে নোলান যোগ করেছেন মনস্তাত্ত্বিক উত্তেজনা ও আধুনিক হাই-ভোল্টেজ অ্যাকশন।
সিনেমাটিতে ওডিসিউসের ক্রোধ ও মানসিক সংগ্রামকে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ওডিসিউসের ইথাকা প্রত্যাবর্তন এবং রবার্ট প্যাটিনসনের নেতৃত্বে থাকা বাহিনীর বিরুদ্ধে লড়াই সিনেমার মূল আকর্ষণ হতে যাচ্ছে। আগামী বছরের অন্যতম ব্যবসাফল ছবি হতে যাচ্ছে ‘দ্য ওডিসি’, এমনটাই ধারণা করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।
সূত্র : টাইমস নাও