‘আলফা মেল’ ট্রেন্ড ভেঙে রোম্যান্টিক দৃশ্যে শাহরুখ
ছবি: সংগৃহীত
০২:৫৫ পিএম | ১৩ মে, ২০২৬
বর্তমান সময়ে হিন্দি থেকে দক্ষিণী- দুই ইন্ডাস্ট্রিতেই যেন উগ্র পৌরুষের দাপট। পর্দাজুড়ে এখন ‘আলফা মেল’ চরিত্রের রমরমা। ‘কবীর সিং’ থেকে ‘অ্যানিম্যাল’, এরপর ‘ধুরন্ধর’- একের পর এক ছবিতে আগ্রাসী পুরুষ চরিত্রই বক্স অফিসে সাফল্যের মুখ দেখছে। কিন্তু এই প্রবণতার মাঝেও বরাবরের মতো আলাদা পথেই হাঁটছেন শাহরুখ খান।
নতুন ছবি ‘কিং’ ঘিরে শুরু থেকেই দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। অনেকেই ভেবেছিলেন, এই ছবিতেও হয়তো সম্পূর্ণ অ্যাকশন নির্ভর চরিত্রেই দেখা যাবে শাহরুখকে। কিন্তু সম্প্রতি বিদেশের শুটিং সেট থেকে ফাঁস হওয়া কিছু ছবি ও ভিডিও বদলে দিয়েছে সেই ধারণা।

ভিডিওতে দেখা গেছে, শাহরুখ আবারও ফিরেছেন তাঁর চিরচেনা রোম্যান্টিক অবতারে। কালো ওভারসাইজ কোট, চোখে রোদচশমা আর নতুন হেয়ারস্টাইলে তাঁকে দেখে অনেকেরই মনে পড়ে গেছে ‘মহব্বতে’, ‘বীর জারা’, ‘কল হো না হো’ কিংবা ‘ম্যায় হুঁ না’-র সেই পুরোনো শাহরুখকে। বয়স ষাট পেরোলেও তাঁর উপস্থিতি যে এখনও দর্শকদের হৃদয়ে একই রকম ঝড় তোলে, সেটিই যেন আবার প্রমাণ হলো।
দক্ষিণ আফ্রিকায় চলা ছবির শুটিং থেকেই প্রথমে দীপিকা পাড়ুকোনের সঙ্গে শাহরুখের একটি রোম্যান্টিক দৃশ্যের ঝলক প্রকাশ্যে আসে। এরপর নতুন ভিডিওতে আরও স্পষ্ট হয়, ‘কিং’ শুধু অ্যাকশন নির্ভর ছবি নয়, বরং এতে রোম্যান্সও বড় জায়গা জুড়ে থাকছে।
শাহরুখ খানকে গত এক দশকে খুব একটা রোম্যান্টিক চরিত্রে দেখা যায়নি। তাই ‘কিং’-এ তাঁকে একইসঙ্গে অ্যাকশন ও প্রেমের নায়ক হিসেবে দেখার সম্ভাবনায় দর্শকদের উচ্ছ্বাস আরও বেড়েছে।
চারশো কোটি বাজেটের এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই বলিউডে বড়সড় আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি প্রকাশিত ঝলকে নির্মাতারা জানিয়েছেন, ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘কিং’। জানা গেছে, ছবিটির প্রেক্ষাগৃহ স্বত্ব বিপুল অঙ্কের বিনিময়ে কিনেছে শাহরুখ ঘনিষ্ঠ পরিবেশনা সংস্থা। দেশজুড়ে কয়েক হাজার প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পরিকল্পনাও রয়েছে।
সব মিলিয়ে চলতি ‘আলফা মেল’ প্রবণতার ভিড়ে শাহরুখ খান আবারও নিজের পুরোনো রোম্যান্টিক জাদু ফিরিয়ে আনতে চলেছেন বলেই মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকেরা। আর সেই কারণেই বড়দিনের বক্স অফিসে ‘কিং’ যে অন্যতম বড় চমক হতে যাচ্ছে, তা এখনই স্পষ্ট।
এসএ/এসএন