‘বিদায়’ মুক্তি: প্রযোজক বলছেন পূজায়, পরিচালক ঈদে
ছবি: সংগৃহীত
০৫:১১ পিএম | ১৩ মে, ২০২৬
মেহেদী হাসান হৃদয় নির্মিত নতুন সিনেমা ‘বিদায়’ মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। একদিকে প্রযোজক বলছেন, সিনেমাটি কোরবানির ঈদে নয়, দুর্গাপূজায় মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে।
অন্যদিকে পরিচালক এখনো ঈদে মুক্তির আশাই দেখছেন।
প্রযোজক শাহরিন আক্তার সুমি জানিয়েছেন, সিনেমার কিছু অংশের শুটিং এখনো বাকি। ঈদের পরে সেই শুটিং করে এরপর আসন্ন পূজায় আসব।
দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘চেষ্টা করছি ঈদের বাইরে আসার।
কাউকে না কাউকে তো ঈদের বাইরে সিনেমা মুক্তি দেওয়া উচিত। সেই চিন্তা থেকে ভাবলাম, আমরা শুরু করি। ঈদের পর সামনে দুর্গা পূজা আছে সেসময়ই ছবিটি মুক্তি দেবার পরিকল্পনা করছি।’

প্রযোজক ঈদে না আসার কথা বললেও পরিচালক এখনো ঈদে সিনেমাটি মুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, আজ বুধবার (১৩ মে) রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিনেমাটির শুটিং চলছে।
সিনেমাটির মুক্তি নিয়ে জানতে চাইলে দেশের একটি গণমাধ্যমকে মেহেদী হাসান হৃদয় বলেন, ‘আমি তো ঈদে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।
আজকেও এয়ারপোর্টে শুটিং করতেছি। এখন একটা বিশেষ দৃশ্যের জন্য বিমান প্রয়োজন, সেই বিমানের মধ্যে গোলাগুলির দৃশ্য থাকবে। বিমানের জন্য অনুমতি পাচ্ছি না।
সেট বানিয়ে করতে গেলে অনেক সময় লাগবে এবং সেটা মজা হবে না। আমার একদম অরিজিনাল বিমান লাগবে, শুধু এটার জন্য অপেক্ষা করতেছি। এটা শুট করতে মাত্র একদিন লাগবে, যদি এটা করে ফেলতে পারি তাহলে আমার আর কোনো চিন্তাই নেই। বাকি সবকিছু ওভাবেই পরিকল্পনা করা আছে, ঈদে আসতে পারব, এমনকী কোনো সমস্যা হবে না।’
এর আগে শাকিব খানকে নিয়ে ‘বরবাদ’ সিনেমা নির্মাণ করে আলোচনায় আসেন মেহেদী হাসান হৃদয়। পরে সিয়াম আহমেদকে নিয়ে নির্মাণ করেন ‘রাক্ষস’। এবার তার নতুন সিনেমা ‘বিদায়’ নিয়েও দর্শকের আগ্রহ রয়েছে।
‘বিদায়’ সিনেমার গল্প গড়ে উঠেছে প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে যাওয়ার স্বপ্ন ও বাস্তবতাকে কেন্দ্র করে। এতে চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন এক সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ। এতে আরও অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু ও মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।
পিআর/টিএ