নতুন ভিডিও ঘিরে আবারও আলোচনায় নোরা ফাতেহি
ছবি: সংগৃহীত
০৮:২২ পিএম | ১৩ মে, ২০২৬
বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি আবারও আলোচনায়। তবে এবার প্রশংসার চেয়ে সমালোচনাই বেশি ঘিরে ধরেছে তাকে। নতুন মিউজিক ভিডিও ‘বডি রোল’ প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল বিতর্ক।
সম্প্রতি সংগীতশিল্পী হানি সিংয়ের সঙ্গে জুটি বেঁধে ‘বডি রোল’ শিরোনামের একটি মিউজিক ভিডিও প্রকাশ করেন নোরা। ভিডিওটিতে তাকে অপ্সরার আদলে উপস্থাপন করা হয়েছে। সোনালি অলংকার ও খোলামেলা পোশাকে নাচের পারফরম্যান্সে নজর কাড়েন এই অভিনেত্রী।

তবে ভিডিওটি প্রকাশের পরই দর্শকদের একাংশ দাবি করেন, নোরার সাজপোশাক ও উপস্থাপনার সঙ্গে ‘লাভ’, ডেথ অ্যান্ড রোবটস’ সিরিজের জনপ্রিয় পর্ব ‘জিব্যারো’র বেশ মিল রয়েছে। বিশেষ করে ওই পর্বে ব্যবহৃত অলংকার ও চরিত্রের উপস্থাপনার সঙ্গে নোরার লুকের সাদৃশ্য খুঁজে পেয়েছেন অনেকে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। কেউ কেউ নোরাকে ‘কপিক্যাট’ বলেও কটাক্ষ করেছেন।
যদিও এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন নোরা। তার দাবি, ভারতীয় নান্দনিকতার ছোঁয়ায় এক অপার্থিব অপ্সরার রূপ ফুটিয়ে তুলতেই এমন লুক বেছে নেওয়া হয়েছিল। সোনালি গয়না ও শরীরের উল্কি পুরো সাজকে আলাদা মাত্রা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখযোগ্য বিষয় হলো, ‘বডি রোল’ মিউজিক ভিডিওটির অন্যতম প্রযোজকও নোরা নিজেই। ফলে ভিডিওটি নিয়ে ওঠা সমালোচনার বড় অংশ তার দিকেই যাচ্ছে।
এদিকে বিতর্ক বাড়তে থাকায় মুখ খুলেছেন ভিডিওটির পরিচালক প্রকাশ তিওয়ারি। তিনি জানান, বিভিন্ন শিল্পকর্ম, সিনেমা, পৌরাণিক গল্প ও অ্যানিমেশন থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। তবে ‘বডি রোল’র গল্প ও নির্মাণশৈলী সম্পূর্ণ আলাদা বলেও দাবি করেন তিনি।
তবে সাজপোশাকের ক্ষেত্রে ‘জিব্যারো’ থেকে কিছুটা অনুপ্রেরণা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন এই নির্মাতা।
পিআর/টিএ