© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দিলজিৎকে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা

শেয়ার করুন:
দিলজিৎকে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২১ পিএম | ১৩ মে, ২০২৬
বিদেশ সফরে ব্যস্ত সময় কাটাচ্ছেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। কানাডার বিভিন্ন শহরে একের পর এক অনুষ্ঠান করছেন তিনি। তবে সেই সফরের মাঝেই হঠাৎ নতুন বিতর্ক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে তাকে ঘিরে। কারণ, দিলজিতের ঘনিষ্ঠ সহকারী গুরপ্রতাপ কাঙের বাড়ির সামনে চলেছে গুলি। আর এই ঘটনার পরই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনাও।

জানা গেছে, সম্প্রতি দিলজিতের কয়েকটি অনুষ্ঠানে একদল ব্যক্তি খালিস্তানি পতাকা নিয়ে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন। সেই ঘটনার পর মঞ্চ থেকেই কড়া বার্তা দিয়েছিলেন গায়ক। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ভবিষ্যতে কেউ এমন পরিস্থিতি তৈরি করলে নিরাপত্তারক্ষীরা তাকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেবেন।

এর কিছুদিনের মধ্যেই গুরপ্রতাপ কাঙের বাড়ির সামনে হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এই হামলার দায় স্বীকার করেছে বিশ্নোই গোষ্ঠী। সামাজিক মাধ্যমে তারা দাবি করেছে, এর আগেও কয়েকবার দিলজিৎকে সতর্ক করা হয়েছিল। এমনকি বিদেশ থেকে আনা অস্ত্র ব্যবহার করেই হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে ওই গোষ্ঠী।



ঘটনার পর মুখ খুলেছেন ভগবন্ত সিং মান। তার দাবি, দিলজিৎকে রাজনীতিতে আনার জন্য চাপ দেওয়া হচ্ছে। তিনি বলেন, কয়েকদিন ধরেই এমন আলোচনা শোনা যাচ্ছিল যে একটি রাজনৈতিক দল গায়ককে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য প্রভাব খাটাচ্ছে।

ভগবন্ত মানের বক্তব্য, কোনও শিল্পীর উপর এভাবে চাপ সৃষ্টি করা উচিত নয়। কারণ দিলজিৎ নিজেই একাধিকবার জানিয়েছেন, তার রাজনীতিতে আসার কোনও ইচ্ছা নেই। তবে অনেকেই এখন তাকে রাজনীতির ময়দানে দেখতে চাইছেন বলেও মন্তব্য করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।

এই পুরো ঘটনার পর সামাজিক মাধ্যমে বাড়ছে নানা জল্পনা। কেউ এটিকে ভয় দেখানোর চেষ্টা বলছেন, আবার কেউ রাজনৈতিক চাপের ইঙ্গিত দেখছেন। যদিও দিলজিৎ এখনও পর্যন্ত পুরো ঘটনা নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কোনও মন্তব্য করেননি।

পিআর/টিএ

মন্তব্য করুন