© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেফালির মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুললেন পরাগ

শেয়ার করুন:
শেফালির মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুললেন পরাগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪২ পিএম | ১৩ মে, ২০২৬
অভিনেত্রী শেফালি জরিওয়ালার আকস্মিক মৃত্যু ঘিরে গত কয়েক মাস ধরেই নানা জল্পনা ছড়িয়ে রয়েছে। বিশেষ করে বয়স ধরে রাখার চিকিৎসা বা বিশেষ ইনজেকশন নেওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে কি না, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সামাজিক মাধ্যমে। অবশেষে সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন তার স্বামী পরাগ ত্যাগী।

সম্প্রতি এক আবেগঘন ভিডিওবার্তায় পরাগ জানান, শেফালি নিয়মিত কোনও বয়সরোধী ইনজেকশন নিতেন না। বরং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাসে একবার কিছু ভিটামিন ও স্বাস্থ্যরক্ষাকারী উপাদান গ্রহণ করতেন। এর মধ্যে ছিল মাল্টিভিটামিন, ভিটামিন সি, কোলাজেন এবং গ্লুটাথিয়নের শিরাপথে দেওয়া চিকিৎসা।

পরাগের দাবি, এগুলো মূলত শরীর সুস্থ রাখার জন্যই ব্যবহার করা হতো। তাই শেফালীর মৃত্যুর সঙ্গে এসবের সরাসরি সম্পর্ক রয়েছে এমন দাবি সঠিক নয় বলেই মনে করেন তিনি।

মৃত্যুর দিন নিয়েও চলা নানা গুঞ্জনের জবাব দিয়েছেন পরাগ। তার কথায়, সেদিন শেফালী উপবাসে থাকলেও পূজা শেষে খাবার খেয়েছিলেন। ফলে খালি পেটে কোনও ইনজেকশন নেওয়ার কারণে মৃত্যু হয়েছে এই ধারণাও ভুল।



স্ত্রীর জীবনযাপন নিয়েও কথা বলেন পরাগ। তিনি জানান, শেফালির সুস্থতা ও তারুণ্যের রহস্য ছিল নিয়মিত শরীরচর্চা, নিয়ন্ত্রিত জীবনযাপন এবং নিজের শরীরের প্রতি যত্ন। তবে এর মানে এই নয় যে তিনি নিজেকে সবকিছু থেকে বঞ্চিত রাখতেন। আইসক্রিম কিংবা পছন্দের খাবারও খেতেন, তবে পরিমিতভাবে।

একইসঙ্গে সামাজিক মাধ্যমে যাচাই না করে গুজব ছড়ানো নিয়েও আক্ষেপ প্রকাশ করেন পরাগ। তিনি অনুরোধ করেন, কোনও তথ্য ছড়ানোর আগে সত্যতা যাচাই করা উচিত।

‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া শেফালি জরিওয়ালা পরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে দর্শকের কাছে আরও পরিচিত হয়ে ওঠেন। বিশেষ করে ‘বিগ বস’-এ অংশ নেওয়ার পর নতুন প্রজন্মের কাছেও তার জনপ্রিয়তা বাড়ে। ২০২৫ সালের জুন মাসে মাত্র ৪২ বছর বয়সে তার মৃত্যু হয়।

পিআর/টিএ

মন্তব্য করুন