© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দাদাগিরির মঞ্চে এবার সঞ্চালক কি দেব?

শেয়ার করুন:
দাদাগিরির মঞ্চে এবার সঞ্চালক কি দেব?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০২ এএম | ১৪ মে, ২০২৬
টেলিভিশনের জনপ্রিয় কুইজ অনুষ্ঠান ‘দাদাগিরি’ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই চলছিল জোর জল্পনা। কারণ একটাই, এই অনুষ্ঠানের সঙ্গে আর নতুন করে চুক্তিবদ্ধ হননি সৌরভ গাঙ্গুলি। খবর সামনে আসতেই দর্শকের মনে প্রশ্ন উঠেছিল, তাহলে এবার ‘দাদাগিরি’র মঞ্চে দেখা যাবে কাকে?

এক সময় শোনা গিয়েছিল, জনপ্রিয় টেনিস তারকা লিয়েন্ডার পেজকে নাকি ভাবা হচ্ছে এই অনুষ্ঠানের জন্য। আবার টলিপাড়ায় জোর গুঞ্জন ছিল, জি বাংলার পছন্দ হতে পারেন অভিনেতা দেবও। নানা জল্পনা আর গুঞ্জনের মধ্যেই এবার সামনে এল বড় খবর।

সূত্রের দাবি, ‘দাদাগিরি’র নতুন সঞ্চালক হিসেবে দেখা যেতে চলেছে দেবকে। শুধু তাই নয়, ইতিমধ্যেই নাকি অনুষ্ঠানের প্রোমো শুটিংও সেরে ফেলেছেন তিনি। খুব শিগগিরই চ্যানেলের পক্ষ থেকে সেই ঝলক প্রকাশ্যে আনা হতে পারে বলেও জানা যাচ্ছে।

প্রতিবারের মতো এবারও জেলার পর জেলা ঘুরে অডিশনের আয়োজন করা হবে। সাধারণ প্রতিযোগীদের পাশাপাশি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবেও হাজির থাকবেন বিভিন্ন তারকা শিল্পীরা। তবে সবকিছুর কেন্দ্রে এবার থাকছেন দেব, এমনটাই শোনা যাচ্ছে টলিপাড়ার অন্দরে।



অবশ্য ‘দাদাগিরি’র মঞ্চে দেব একেবারে নতুন নন। এর আগেও অতিথি হিসেবে তাঁকে বহুবার দেখা গিয়েছে। পাশাপাশি জি বাংলার নাচভিত্তিক অনুষ্ঠান ‘ডান্স বাংলা ডান্স’-এ বিশেষ সঞ্চালক ও বিচারকের ভূমিকাতেও দর্শকের নজর কেড়েছিলেন তিনি। ফলে বড় মাপের একটি অনুষ্ঠান সামলানোর অভিজ্ঞতা তাঁর রয়েছে বলেই মনে করছেন অনেকে।

অন্যদিকে, সৌরভ গাঙ্গুলিকে নিয়ে জল্পনাও কম নয়। শোনা যাচ্ছে, এবার তাঁকে দেখা যেতে পারে ‘বিগ বস বাংলা’র সঞ্চালকের ভূমিকায়। স্টার জলসায় ফিরছে এই জনপ্রিয় অনুষ্ঠানের নতুন পর্ব। আর সেই মঞ্চেই নাকি থাকবেন বাংলার ‘দাদা’। যদিও প্রতিযোগীদের নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবে ইতিমধ্যেই একাধিক তারকার নাম ঘুরছে টেলিপাড়ার অন্দরে।

এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার। দর্শকের কৌতূহল, সত্যিই কি ‘দাদাগিরি’র নতুন ‘দাদা’ হতে চলেছেন দেব?

এসএ/এস্

মন্তব্য করুন