সাইফ থেকে রণবীর, এ সপ্তাহে ওটিটি-তে চমক দেখাবে কারা?
ছবি: সংগৃহীত
১১:৩৫ এএম | ১৪ মে, ২০২৬
প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। আদিত্য ধর পরিচালিত এই ছবিতে রণবীর সিংহের অভিনয় নিয়ে দর্শকমহলে তৈরি হয়েছিল আলাদা উন্মাদনা। তবে নানা কারণে অনেকেই বড় পর্দায় ছবিটি দেখে উঠতে পারেননি। তাঁদের জন্য এবার সুখবর। অবশেষে ওটিটি-তে আসছে বহু প্রতীক্ষিত এই ছবি।
তবে শুধু ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ নয়, এই সপ্তাহে ওটিটির পর্দায় একসঙ্গে মুক্তি পাচ্ছে একাধিক ছবি ও সিরিজ। থ্রিলার, অপরাধ, রহস্য আর অ্যাকশনে ভরপুর এই তালিকায় রয়েছে পরিচিত তারকাদেরও ভিড়।
এই সপ্তাহের অন্যতম বড় আকর্ষণ ‘কর্তব্য’। দীর্ঘদিন পর আবারও ওটিটির পর্দায় ফিরছেন সাইফ আলি খান। এর আগে ‘স্যাক্রেড গেমস’ ও ‘তাণ্ডব’-এ দেখা গিয়েছিল তাঁকে। এবার তিনি হাজির হচ্ছেন এক পুলিশ আধিকারিকের চরিত্রে। পুলকিত পরিচালিত এই ছবিতে নিজের ব্যক্তিগত জীবন আর দায়িত্ববোধের টানাপোড়েনে আটকে পড়বেন পবন মালিক। ছবিটি ১৫ মে থেকে দেখা যাবে নেটফ্লিক্সে।
একই দিনে মুক্তি পাচ্ছে ‘ইনস্পেক্টর অবিনাশ’-এর দ্বিতীয় পর্বও। রণদীপ হুডাকে আবার দেখা যাবে পুলিশ আধিকারিক অবিনাশের ভূমিকায়। উত্তরপ্রদেশের অপরাধ জগতের বিরুদ্ধে তাঁর লড়াইয়ের পাশাপাশি উঠে আসবে ব্যক্তিগত জীবনের নানা জটিলতাও। বাস্তব ঘটনার ছোঁয়ায় তৈরি এই অপরাধভিত্তিক সিরিজ় দেখা যাবে জিয়ো হটস্টারে।

অন্যদিকে, রণবীর সিংহ অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ নিয়েও দর্শকের আগ্রহ এখন তুঙ্গে। ছবির প্রথম অংশ ওটিটিতেও ভালো সাড়া ফেলেছিল। দ্বিতীয় ভাগে জসকিরতের হামজ়া হয়ে ওঠার গল্প আরও গভীরভাবে তুলে ধরা হয়েছে। প্রেক্ষাগৃহে যাঁরা ছবিটি দেখে মুগ্ধ হয়েছেন, তাঁরা আবারও ফিরে যেতে পারবেন সেই দুনিয়ায়। আর যাঁরা এখনও দেখেননি, তাঁদের জন্য এটাই বড় সুযোগ।
রহস্য আর রোমাঞ্চপ্রেমীদের জন্য থাকছে ‘বার্লিন অ্যান্ড দ্য লেডি উইথ অ্যান আরমাইন’। এই সিরিজ়ের নতুন অধ্যায়ে আবার ফিরছে চতুর ডাকাত বার্লিন। একটি দামী চিত্রকর্ম চুরিকে ঘিরে এগোবে নতুন কাহিনি। ১৫ মে থেকে এটি দেখা যাবে নেটফ্লিক্সে।
এদিকে বাস্তবধর্মী থ্রিলার পছন্দ করা দর্শকদের জন্য রয়েছে ‘এক্সাম’। সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডকে কেন্দ্র করে এগোবে এই সিরিজ়ের গল্প। দুর্নীতির বিরুদ্ধে এক তরুণীর লড়াইকে সামনে এনে তৈরি হয়েছে কাহিনি। ১৫ মে থেকে এটি মুক্তি পাচ্ছে প্রাইম ভিডিয়োয়।
সব মিলিয়ে এই সপ্তাহে ওটিটির পর্দা হতে চলেছে জমজমাট। অ্যাকশন, অপরাধ, রহস্য আর আবেগ- দর্শকদের জন্য থাকছে একাধিক স্বাদের বিনোদন।
এসএ/এসএন