সবাই যদি একটি সিনেমায় কাজ করেন, তা দেশের জন্য বড় অর্জন: আরিফিন শুভ
ছবি: সংগৃহীত
০১:৫৯ পিএম | ১৪ মে, ২০২৬
'জ্যাজ সিটিতে' আমাকে নতুনভাবে আবিষ্কার করেছি বলে জানিয়েছেন ঢালিউডের অন্যতম সুপারস্টার আরিফিন শুভ। মডেলিং ও রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করা এ অভিনেতার বর্তমানে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ-এ 'জ্যাজ সিটি' মুক্তি পেয়েছে গত ১৯ মার্চ। মুক্তি পাওয়া এই স্পাই থ্রিলার সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। 'জিমি রায়' চরিত্রে অভিনয় করে তুমুল প্রশংসা পাচ্ছেন তিনি।
জিমি রায়ের চরিত্রে আরিফিন শুভর লুকিং ও বডি ল্যাঙ্গুয়েজ পছন্দ করেছেন নেটিজেনসহ তার ভক্ত-অনুরাগীরা। এমনকি দেশের অনেক তারকাও প্রশংসায় পঞ্চমুখ। কেউ কেউ এমনও বলেছেন, দেশের পরিচালকরা কেন শুভকে পর্দায় এভাবে উপস্থাপন করতে পারেন না! তাকে নিয়ে দেশের পরিচালকদেরও আলাদা করে ভাবা উচিত।
অথচ সিরিজটিতে 'জিমি রায়' চরিত্রটি নিয়ে শুভর প্রত্যাশা খুব বেশি ছিল না। তিনি বলেন, ‘খুবই নার্ভাস ছিলাম। কারণ এটা আমার কমফোর্ট জোনের বাইরের এলাকা। ভিন্ন লোকেশন, ভিন্ন দেশ, ভিন্ন ভাষা। তারপরও শতভাগ দেওয়ার চেষ্টা করেছি।’
এই সিরিজে বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি- চার ভাষায় সংলাপ বলে ভারতীয় গণমাধ্যম ও দর্শক মহলে বেশ নজর কেড়েছেন তিনি। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন সেসব দিনের কথা।
গত বছরের ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ সিনেমাটি। একই সময় মুক্তি পায় শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা। এবার ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় রয়েছে নতুন সিনেমা ‘মালিক’। একই সময়ে আসছে শাকিব খানের ‘রকস্টার’ সিনেমাটি।

এ প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আবারও আলোচনা-সমালোচনা- ‘শাকিব খানের মুখোমুখি আরিফিন শুভ’। আবার কেউ কেউ এটিকে সরাসরি দুই তারকার প্রতিযোগিতা হিসেবে দেখছেন।নেটিজেনদের একাংশ বলছেন, শাকিবের সঙ্গে তুলনা করাটাই অপ্রয়োজনীয়। প্রতিটি সিনেমার নিজস্ব দর্শক আছে, তাই প্রতিযোগিতা হোক সিনেমার সঙ্গে সিনেমার, অভিনেতার সঙ্গে অভিনেতা নয়। এ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, এই যে এক ধরনের ন্যারেটিভ তৈরি করা হয়। এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর- এ ধরনের র্যাংকিং মূলত চাপিয়ে দেওয়া, যা ঘোড়ার রেসের মতো প্রতিযোগিতার ইঙ্গিত। শিল্পীদের ক্ষেত্রে বিষয়টি এমন হওয়া উচিত নয়।
সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমাটি নিয়ে এখনই কিছু বলতে নারাজ আরিফিন শুভ। গেল কয়েক বছরে ঢালিউডে ঈদকেন্দ্রিক সিনেমার প্রবণতা নিয়েও কথা বলেন তিনি। অভিনেতার মতে, বড় প্রযোজনা ও তারকানির্ভর ছবিগুলো মূলত ঈদের জন্য তৈরি হচ্ছে।
শিল্পীদের উৎসবকেন্দ্রিক কাজ প্রসঙ্গে অভিনেতা বলেন, সারা বছরই তো কাজ হওয়া উচিত। দর্শকও আছেন। দর্শক অনেক সময় ভাবেন- আমরা চাই না কাজ হোক, বাস্তবতা তা নয়। ছবির অর্থলগ্নিকারক ও প্রযোজকদেরই এসব নিয়ে ভাবতে হবে। ঈদ ছাড়াও পহেলা বৈশাখ, ক্রিসমাস, পূজা বা ভালোবাসা দিবসের মতো উৎসবে সিনেমা নির্মাণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন আরিফিন শুভ। তিনি বলেন, টেলিভিশনে যেমন সারা বছর বিশেষ দিবস কেন্দ্র করে পরিকল্পনা করা হয়, ঠিক সিনেমাতেও এমন ধারাবাহিকতা থাকা উচিত।
আরিফিন শুভর ‘মালিক’ ছাড়াও আরেক সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’ও আছে মুক্তির অপেক্ষায়। ২০১৯–২০ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমাটির নাম শুরুতে ছিল ফুটবল ৭১। শুভ জানালেন, ছবিটি ঈদের পর যে কোনো সময় মুক্তি পেতে পারে। এটি একেবারেই ভিন্নধর্মী একটি গল্প। মুক্তিযুদ্ধের পটভূমি, স্পোর্টসম্যানশিপ, প্রণয় এবং মুক্তিযোদ্ধাদের জীবনের নানা দিক উঠে এসেছে।
তিনি বলেন, নির্মাতা হিসেবে অনম বিশ্বাস যেভাবে কাজ করেন, তাতে ছবিটি নিয়ে প্রত্যাশা রাখাই যায়। বাংলাদেশ ও ভারতের একাধিক প্রকল্পে কাজ করার কথা চলছে। তবে সেগুলো নিয়ে এখনই কিছু বলতে চান না শুভ।
ভারতীয় টিমের সঙ্গে আগেও কাজ করার অভিজ্ঞতা ছিল। তবে মুজিব–এর অভিজ্ঞতা একেবারেই ভিন্ন বলে জানিয়েছেন এ অভিনেতা। আরিফিন শুভ বলেন, শ্যাম বেনেগালের মতো পরিচালকের ইউনিট আর অন্য ইউনিট এক নয়। ৮৫ বছর বয়সি একজন মানুষের সঙ্গে কাজ আর এই সময়ের পরিচালকের সঙ্গে কাজের ধরন পুরোপুরি ভিন্ন।
তিনি বলেন, সৌমিক সেন পরিচালিত সিরিজটির শুটিং হয়েছে মুম্বাই ও পশ্চিমবঙ্গে। প্রকল্পটির জন্য শুভকে দীর্ঘ প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয়েছে। তিন মাসের বেশি সময় ধরে নিজেকে তৈরি করেছেন তিনি। অনলাইন প্রশিক্ষকের মাধ্যমে হিন্দি ও উর্দু শেখার ক্লাস করেছেন।
আরিফিন শুভ বলেন, ‘কেউই হয়তো ভাবেননি- এমন সাড়া ফেলবে বা মানুষ এতটা পছন্দ করবেন। আমাদের এখানে অনেকেই সরাসরি বলিউডে কাজ করেননি। এ অভিনেতা বলেন, এখন আর তিনি ‘পৃথিবীর জন্য বাঁচা’র চাপ অনুভব করেন না, বরং নিজের মতো করে কাজ করে যেতে চান। তিনি বলেন, একজন দর্শক একই সঙ্গে শাকিব খান, শরীফুল রাজ, সিয়াম কিংবা অন্য যে কোনো শিল্পীর সিনেমা দেখতে যেতে পারেন। দর্শককে ভাগ করে দেখার মানসিকতা থেকে বের হয়ে আসা দরকার বলে জানান আরিফিন শুভ। তিনি বলেন, শাকিব খান, আরিফিন শুভ, সিয়াম, রাজ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী- সবাই যদি একসঙ্গে একটি সিনেমায় কাজ করেন, তা দেশের সিনেমার জন্য বড় অর্জন হতে পারে।
এসএ/এসএন