২৮তম প্রয়াণ দিবসে স্মরণে ফ্রাঙ্ক সিনাত্রা
ছবি: সংগৃহীত
০৪:২২ পিএম | ১৪ মে, ২০২৬
নীল চোখের সেই মানুষটি শুধু গান গাইতেন না, নিজের কণ্ঠ দিয়েই যেন এক একটি যুগ তৈরি করতেন। মঞ্চে তাঁর উপস্থিতি মানেই অন্যরকম আবেশ, আর পর্দায় এলেই বদলে যেত দৃশ্যের মেজাজ। ফ্রান্সিস অ্যালবার্ট সিনাত্রা, যাঁকে গোটা বিশ্ব চিনত ‘ওল্ড ব্লু আইজ’ কিংবা ‘চেয়ারম্যান অব দ্য বোর্ড’ নামে, আজ তাঁর ২৮তম প্রয়াণ দিবস।
বিশ শতকের বিনোদনজগতের অন্যতম প্রভাবশালী শিল্পী হিসেবে ধরা হয় ফ্রাঙ্ক সিনাত্রাকে। সংগীত, অভিনয়, মঞ্চ- সব ক্ষেত্রেই তিনি তৈরি করেছিলেন নিজস্ব এক সাম্রাজ্য। তাঁর গাওয়া গান শুধু আমেরিকাতেই নয়, বিশ্বের নানা প্রান্তের শ্রোতাদের মন ছুঁয়েছিল। মখমলি কণ্ঠ, আবেগময় পরিবেশন আর অনন্য গায়কী তাঁকে পৌঁছে দিয়েছিল কিংবদন্তির আসনে।
নিউ জার্সিতে জন্ম নেওয়া সিনাত্রার উত্থান শুরু বিগ ব্যান্ড যুগে। পরে একক শিল্পী হিসেবেও অভাবনীয় জনপ্রিয়তা পান তিনি। ‘মাই ওয়ে’, ‘ফ্লাই মি টু দ্য মুন’, ‘নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক’ কিংবা ‘স্ট্রেঞ্জার্স ইন দ্য নাইট’- তাঁর কণ্ঠে এই গানগুলো সময় পেরিয়েও আজও সমান জনপ্রিয়।
সংগীতের পাশাপাশি অভিনয়েও ছিল তাঁর সমান দাপট। একাধিক ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এমনকি অভিনয়ের জন্য পেয়েছেন মর্যাদাপূর্ণ পুরস্কারও। তাঁর ব্যক্তিত্ব, স্টাইল এবং জীবনযাপনও দীর্ঘদিন ধরে ছিল ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দু।
১৯৯৮ সালের এই দিনে পৃথিবীকে বিদায় জানান ফ্রাঙ্ক সিনাত্রা। কিন্তু তাঁর গান, তাঁর কণ্ঠ আর তাঁর সৃষ্টি আজও বেঁচে আছে কোটি মানুষের স্মৃতিতে। প্রয়াণের ২৮ বছর পরেও তাই বিনোদনজগতের আকাশে তিনি এক উজ্জ্বল নক্ষত্র হয়েই রয়ে গেছেন।
এসএ/এসএন