‘আমির খানের ছেলে বলেই অনেক কাজ পাই’
ছবি: সংগৃহীত
০৭:১৭ পিএম | ১৪ মে, ২০২৬
বলিউডে নেপোটিজম বা স্বজনপ্রীতি নিয়ে বিতর্কের রেশ যেন থামছে না। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই আলোচনা আরও তীব্র হয়েছে। অধিকাংশ তারকা সন্তান এই প্রসঙ্গে নিজেদের রক্ষণাত্মক ভঙ্গিতে উপস্থাপন করলেও, সম্পূর্ণ উল্টো পথে হাঁটলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খানের বড় ছেলে জুনাইদ খান।
রাখঢাক না রেখেই তিনি স্বীকার করলেন, আমির খানের ছেলে হওয়ার সুবাদে ইন্ডাস্ট্রিতে তিনি বিশেষ সুবিধা ভোগ করেন। সম্প্রতি ভিকি লালওয়ানির ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও নেপোটিজম নিয়ে খোলামেলা কথা বলেন জুনাইদ।

বলিউডে নিজের সুবিধাজনক অবস্থানের কথা স্বীকার করে তিনি বলেন, ‘নেপোটিজম শব্দটি আমাকে মোটেও বিব্রত করে না। আমি আমির খানের ছেলে বলেই অনেক কাজ ও সুযোগ পাই।’ জুনাইদের মতে, চলচ্চিত্র নির্মাণ শুধু শিল্প নয়, এটি একটি বড় ব্যবসা।
তিনি ব্যাখ্যা করেন যে, প্রযোজকরা সাধারণত অভিনেতাদের বাজারজাতকরণের ক্ষমতার ওপর ভিত্তি করে কাস্টিং করেন। যেহেতু তারকা সন্তানদের প্রতি সাধারণ মানুষের আগ্রহ আগে থেকেই থাকে, তাই নির্মাতারা তাদের বেছে নেওয়াকে নিরাপদ মনে করেন।
উল্লেখ্য, ২০২৪ সালে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘মহারাজ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জুনাইদ খানের। ১৮৬২ সালের ঐতিহাসিক ‘মহারাজ মানহানি মামলা’র প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে সাংবাদিক কারসানদাস মুলজির চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন তিনি। সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত এই ছবিতে আরও ছিলেন জয়দীপ আহলাওয়াত, শালিনী পান্ডে ও শর্বরী।
এমআই/টিকে