© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রেসিডেন্টের পরকীয়ার খবর প্রকাশ, দুই সাংবাদিককে কারাদণ্ড

শেয়ার করুন:
প্রেসিডেন্টের পরকীয়ার খবর প্রকাশ, দুই সাংবাদিককে কারাদণ্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৫ এএম | ১৫ মে, ২০২৬
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর বিরুদ্ধে আনা এক কথিত পরকীয়ার অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের কারণে দুই সাংবাদিককে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এ ঘটনায় আন্তর্জাতিক সাংবাদিক অধিকার সংগঠনগুলো তীব্র নিন্দা জানিয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের বুধবার (১৩ মে) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, আদালতের রায়ে সাংবাদিক মোহাম্মদ শাহজানকে ১৫ দিনের এবং লিভান আলী নাসিরকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা উভয়ই দেশটির অনলাইন সংবাদমাধ্যম আদাধুর সঙ্গে যুক্ত ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট মুইজ্জুর বিরুদ্ধে এক সাবেক সহযোগীর সঙ্গে পরকীয়ার অভিযোগ তুলে একটি ডকুমেন্টারি প্রকাশ করা হয়। সেখানে একজন নারী মুইজ্জুর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের দাবি করেন। পরে আদালত ওই অভিযোগ নিয়ে প্রকাশ্যে আলোচনা বা প্রচার নিষিদ্ধ করে একটি গ্যাগ অর্ডার জারি করেন।

সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ, তারা ওই নিষেধাজ্ঞা ভঙ্গ করেছেন। একজন সাংবাদিককে প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে প্রশ্ন তোলার কারণে এবং আরেকজনকে আদালতের গ্যাগ অর্ডার সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের কারণে কারাদণ্ড দেওয়া হয়।

গণমাধ্যম প্রতিষ্ঠান আদাধু জানিয়েছে, বিচার প্রক্রিয়া গোপনে পরিচালিত হয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই রায় দেওয়া হয়। তাদের যথাযথ আইনজীবী নিয়োগের সুযোগও দেওয়া হয়নি।

ঘটনার পর আন্তর্জাতিক গণমাধ্যম সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে) এই সাজাকে তীব্র নিন্দনীয় বলে উল্লেখ করেছে। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এটিকে সংবাদমাধ্যমকে অপরাধী বানানোর পদক্ষেপ বলে অভিহিত করেছে।

তবে প্রেসিডেন্ট মুইজ্জুর দপ্তর এসব সমালোচনা প্রত্যাখ্যান করেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের অভিযোগকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ হিসেবে দেখানো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

প্রতিবেদনে আরও বলা হয়, ডকুমেন্টারি প্রকাশের পর আদাধুর অফিসে পুলিশ অভিযান চালিয়ে সাংবাদিকদের ল্যাপটপ, হার্ডড্রাইভ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করে।

টিজে/টিএ 


মন্তব্য করুন