২০০ বোয়িং উড়োজাহাজ কিনতে সম্মত চীন : ট্রাম্প
ছবি: সংগৃহীত
০৭:৩২ এএম | ১৫ মে, ২০২৬
চীন ২০০টি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মে) ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় এই সমঝোতা হয়েছে।
ট্রাম্প বলেন, এটি হয়তো আনুষ্ঠানিক ঘোষণা ছিল না, তবে আমি মনে করি এটি একটি প্রতিশ্রুতি। খবর এএফপির।
ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটিকে ট্রাম্প আরও বলেন, ২০০টি বড় উড়োজাহাজ- এটি যুক্তরাষ্ট্রে বিপুল কর্মসংস্থান সৃষ্টি করবে।
তবে সাক্ষাৎকারের অংশ প্রচারের পরই বোয়িংয়ের শেয়ারের দাম কমে যায়।
মার্কিন গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সম্ভাব্য এই চুক্তিতে প্রায় ৫০০টি একক করিডরের বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ এবং অতিরিক্ত ১০০টি বড় মডেলের উড়োজাহাজ- যেমন ৭৮৭ ড্রিমলাইনার ও ৭৭৭ থাকতে পারে।
এ বিষয়ে মন্তব্যের জন্য বার্তা সংস্থা এএফপির অনুরোধে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বোয়িং।
চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের অংশ ছিলেন বোয়িংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কেলি অর্টবার্গ।
গত মাসে বিশ্লেষকদের সঙ্গে আলোচনায় অর্টবার্গ বলেছিলেন, চীনের কাছ থেকে নতুন অর্ডার পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। তবে তিনি উল্লেখ করেন, এটি পুরোপুরি যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক ও চলমান আলোচনার ওপর নির্ভর করছে।
উল্লেখ্য, চীনের পক্ষ থেকে বোয়িংয়ের সর্বশেষ বড় অর্ডার এসেছিল ২০১৭ সালে, ট্রাম্পের প্রথম মেয়াদে তার বেইজিং সফরের সময়। তখন আনুমানিক ৩৭ বিলিয়ন ডলারের ৩০০টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছিল।
সর্বশেষ খবর অনুযায়ী, বিকেল ৫টার পর বোয়িংয়ের শেয়ারের দাম প্রায় ৪ শতাংশ কমে যায়।
কেএন/এসএন