দামি প্রসাধনী নয়, ত্বক ভালো রাখতে প্রতিদিন কী খান আলিয়া?
ছবি: সংগৃহীত
০৯:৪১ এএম | ১৫ মে, ২০২৬
কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় এ বছরও আলোচনার কেন্দ্রবিন্দুতে আলিয়া ভাট। ভারতীয় ঐতিহ্য আর আধুনিক ফ্যাশনের মেলবন্ধনে একের পর এক সাজে নজর কাড়ছেন তিনি। তবে শুধু পোশাক বা আভিজাত্য নয়, মাতৃত্বের পরও কীভাবে নিজের সৌন্দর্য আর ত্বকের উজ্জ্বলতা ধরে রেখেছেন, তা নিয়েও কৌতূহলের শেষ নেই অনুরাগীদের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সৌন্দর্যের রহস্য ফাঁস করলেন আলিয়া ভাট। অনেকেই যেখানে দামি প্রসাধনী, বিশেষ পরিচর্যা কিংবা আধুনিক চিকিৎসাকেই তারকাদের সৌন্দর্যের মূল রহস্য বলে মনে করেন, সেখানে একেবারে ঘরোয়া উপাদানের কথাই জানালেন অভিনেত্রী।
আলিয়ার কথায়, তাঁর সৌন্দর্যের আসল রহস্য ঘি। ভারতীয় রান্নাঘরের এই পরিচিত উপাদানই নাকি ত্বক ভালো রাখতে বড় ভূমিকা রাখে। অভিনেত্রীর দাবি, তাঁদের বাড়িতে নিয়মিত রান্নায় ঘি ব্যবহার করা হয়। শুধু তাই নয়, তিনি প্রতিদিন একটি বিশেষ খাবারও খান, যা তৈরি হয় ঘি, সামান্য গুড়, গুঁড়ো করা বাদাম আর নারকেল দিয়ে।

এই খাবারটিকে তিনি স্বাস্থ্যকর জলখাবার বলেই মনে করেন। আলিয়ার মতে, এটি শরীরের পাশাপাশি ত্বকের জন্যও দারুণ উপকারী। নিয়মিত এই খাবার খাওয়ার ফলেই তাঁর ত্বক উজ্জ্বল ও সতেজ থাকে বলেও জানিয়েছেন অভিনেত্রী।
কানের মঞ্চে আলিয়ার ঝলমলে উপস্থিতির মাঝেই তাঁর এই সহজ সৌন্দর্যচর্চার কথা এখন সামাজিক মাধ্যমেও আলোচনার বিষয়। বিলাসবহুল প্রসাধনীর ভিড়ে ঘরোয়া উপাদানের উপর ভরসা করায় অনেকেই নতুন করে অনুপ্রাণিত হচ্ছেন অভিনেত্রীর জীবনযাপন দেখে।
এসএ/এসএন