মাধুরীকে ‘ডেট’-এ নিতে চান অঙ্কুশ!
ছবি: সংগৃহীত
১০:৪৮ এএম | ১৫ মে, ২০২৬
রুপোলি পর্দার অসংখ্য নায়িকার ভিড়ে এমন কিছু মুখ থাকে, যাঁরা প্রজন্মের পর প্রজন্মের কাছে থেকে যান স্বপ্নের মানুষ হয়ে। মাধুরী দীক্ষিত সেই তালিকার একেবারে প্রথম সারির নাম। আর সেই মুগ্ধতার তালিকায় রয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরা-ও। সম্প্রতি নিজের ছোটবেলার স্মৃতি আর দীর্ঘদিনের ভাললাগার কথা খুলে বললেন তিনি।
অঙ্কুশ জানান, তাঁদের বেড়ে ওঠার সময়ে বহু পুরুষের ‘স্বপ্নের রানি’ ছিলেন মাধুরী দীক্ষিত। তাঁর ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। শুধু অভিনেত্রী হিসেবে নয়, নৃত্যশিল্পী হিসেবেও মাধুরীর প্রতি তাঁর আলাদা দুর্বলতা রয়েছে। ছোটবেলায় টেলিভিশনের পর্দায় রবিবারের সিনেমা মানেই ছিল মাধুরীর ছবি দেখার অপেক্ষা। ‘বেটা’, ‘তেজাব’, ‘হম আপকে হ্যায় কৌন’— একের পর এক ছবির নাচ আর অভিব্যক্তি তাঁকে মুগ্ধ করত।
ছোটবেলা থেকেই নাচের প্রতি ঝোঁক ছিল অঙ্কুশের। সেই কারণেই মাধুরীর নাচ তাঁকে আরও বেশি টানত। অভিনেতার কথায়, ছেলে-মেয়ে নির্বিশেষে সকলেরই মাধুরীর কাছ থেকে অভিব্যক্তি শেখা উচিত। একটি নাচের পুরোটা জুড়ে একই আবেগ ধরে রাখা মোটেও সহজ কাজ নয় বলেও মনে করেন তিনি।

মজার বিষয়, এত দিনের মুগ্ধতা থাকলেও এখনও পর্যন্ত সামনাসামনি দেখা হয়নি তাঁর প্রিয় নায়িকার সঙ্গে। মুম্বাইয়ে দীর্ঘদিন কর্মশালায় অংশ নিলেও সেই সুযোগ মেলেনি। তবে সুযোগ পেলে মাধুরী দীক্ষিত-কে ‘ডেট’-এ নিয়ে যেতে চান বলেও অকপটে জানিয়েছেন অঙ্কুশ। আর তাঁর এই পাগলামির কথা নাকি ভালভাবেই জানেন অভিনেত্রীর দীর্ঘদিনের সঙ্গী ঐন্দ্রিলা সেন।
স্মৃতিচারণ করতে গিয়ে অঙ্কুশ ফিরে গিয়েছেন বর্ধমানের সেই দিনগুলোতেও। তখনও কলকাতায় আসেননি তিনি। বাড়িতে ছিল বাক্স টেলিভিশন আর ভিসিআর। ভিডিও ক্যাসেট কিনে মাধুরীর গানের সঙ্গে নাচতেন ছোট্ট অঙ্কুশ। আর সেই নিয়ে মায়ের বকুনিও কম খেতে হয়নি তাঁকে।
পরে অভিনয়জীবনে পা রাখার পর থেকেই তাঁর মনে আশা জন্মেছিল, কোনও একদিন নিশ্চয়ই দেখা হবে ‘ড্রিম গার্ল’-এর সঙ্গে। এখন সেই স্বপ্ন পূরণের অপেক্ষাতেই রয়েছেন অভিনেতা।
এসএ/এসএন