‘দাদা’ ছবিতে ডোনা চরিত্রে তানিয়া মানিকতলা
ছবি: সংগৃহীত
০১:৫৮ পিএম | ১৫ মে, ২০২৬
ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম জনপ্রিয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়-এর জীবনীচিত্র ‘দাদা’র চিত্রগ্রহণ এখন জোরকদমে চলছে মুম্বাইয়ে। ছবিটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোটওয়ানে এবং প্রধান চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও।
ছবিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়- এর চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই কৌতূহল ছিল ইন্ডাস্ট্রিতে। অবশেষে জানা গেছে, এই চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তানিয়া মানিকতলা-কে।
শুরুতে পরিকল্পনা ছিল কলকাতায় চিত্রগ্রহণ শুরু করার। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি ও ক্রিকেট লিগের কারণে সেই পরিকল্পনায় পরিবর্তন আসে। পরে মুম্বাইয়ে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে ইডেন গার্ডেন স্টেডিয়ামের অনুরূপ সেট, সেখানেই শুরু হয় চিত্রগ্রহণ।

রাজকুমার রাও চরিত্রের প্রয়োজনে ইতিমধ্যেই নিজের শারীরিক পরিবর্তন ঘটিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে বহুদিন ধরেই পর্দার ডোনা চরিত্র নিয়ে একাধিক নাম ঘুরলেও শেষ পর্যন্ত বাজি জিতেছেন তানিয়া মানিকতলা।
শোনা যাচ্ছে, ১৫ মে থেকে ছবিতে সৌরভ ও ডোনার দৃশ্যের চিত্রগ্রহণ শুরু হয়েছে। প্রায় ১০ থেকে ১২ দিন ধরে চলবে এই অংশের কাজ। এরপর পরিকল্পনা রয়েছে কলকাতা, দক্ষিণ ভারত ও লন্ডনে চিত্রগ্রহণের।
টিম সূত্রে জানা গেছে, পুরো ছবির কাজ শেষ হতে প্রায় ছয় মাস সময় লাগতে পারে। ক্রিকেট কিংবদন্তির জীবনের নানা অধ্যায় পর্দায় তুলে ধরার এই উদ্যোগ ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে।
এসএ/এসএন