সিঙ্গাপুর থেকে ভিডিও বার্তা ওমর সানীর
ছবি: সংগৃহীত
০২:০৭ পিএম | ১৫ মে, ২০২৬
চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন অসংগতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ ভিডিও বার্তা দিয়েছেন ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। ওই ভিডিও বার্তায় সমসাময়িক বেশ কয়েকটি ইস্যু নিয়ে কথা বলেন অভিনেতা।
বৃহস্পতিবার (১৪ মে) ভেরিফায়েড ফেসবুক পেজে ৩ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও বার্তা আপলোড করেন সানী। ওই ভিডিও বার্তায় ওমর সানী বলেন,
সুদূর সিঙ্গাপুর থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ একটি খণ্ডকালীন নাটক। বিদেশে অন্যায়ভাবে এ কাজটি হয়েছিল। অনেক অনুরোধের ঢেঁকি গিলতে গিয়ে মৌসুমী দারুণ একটা স্নেহের ভুল করেছে। যে সুযোগে ‘কুলাঙ্গার’, ‘ডেঙ্গু মশা’রা এ নাটককে সিনেমায় রূপান্তরিত করার চেষ্টা করেছে।
ওমর সানী আরও বলেন,
‘আমি জেবা জান্নাতকে ধন্যবাদ জানাই। তার প্রতিবাদের ভাষাকে আদালতের মাধ্যমে স্টে অর্ডার করে এটাকে বন্ধ করেছে। যারা সাহস নিয়ে এমন অপকর্ম করার জন্য চেষ্টা করছেন তাদের বলবো, সাবধান হয়ে যান।’

এক পর্যায় নায়ক বলেন,
‘চলচ্চিত্র চলচ্চিত্রের জন্যই তৈরি হয়। নাটক চলচ্চিত্রের জন্য নয়। চলচ্চিত্রের ফুটেজ নাটকের জন্য নয়। তাই আমি চাই, এ ধরনের গার্বেজ মার্কা কাজ নাটক হিসেবেই যেন মুক্তি পায়। এ কাজ যেন সিনেমা হলে মুক্তি দিয়ে সিনেমার পরিবেশ যেন নষ্ট না করা হয়।’
সবশেষে ওমর সানী বলেন,
‘আমি বিশ্বাস করি যথেষ্ট পরিমাণে অনুরোধের ঢেঁকি, স্নেহের ঢেঁকি গিলতে গিয়ে মৌসুমীর একটা ভুল হয়েছে। আমি এটার জন্য ক্ষমা চাইছি। মৌসুমীর অনেক ভক্ত প্রশ্ন করছেন, কেন এ কাজটা করা হলো তাদের বলবো, আল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো অবস্থানে আমার পরিবারকে রেখেছেন। তাই অন্য কোনো বিষয় নয়, শুধুমাত্র অনুরোধের ঢেঁকি গিলতে গিয়েই এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি। যে কারণে এখন শাস্তি পাচ্ছি।’
বিতর্কিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমটি নির্মাণ করেছেন পরিচালক হাসান জাহাঙ্গীর। এ সিনেমার সেন্সর সাময়িকভাবে সম্প্রতি বাতিল করা হয়েছে। এ বিষয়ে পরিচালক বলেন,
‘এই বিষয়ে আমি কোনো চিঠি এখনো পাইনি। সেন্সর স্থগিতের চিঠি পেলে কথা বলতে পারব। এমন কিছু হলে আমি হাইকোর্টে রিট করবো। যতদূর যাওয়া যায়, যাব। এত সহজেই একটা সিনেমার সেন্সর বাতিল করা খুব অন্যায়।'
‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হাসান জাহাঙ্গীর। সিনেমায় দুই নায়িকার অভিনয়ে ছিলেন চিত্রনায়িকা মৌসুমী ও জেবা জান্নাত। প্রেক্ষাগৃহে সিনেমাটির মুক্তির তারিখ ছিল আজ ১৫ মে। তবে শেষ পর্যন্ত নানা বিতর্কের জেরে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।
এসএ/এসএন