‘কিং’ ছবিতে খলনায়ক অভিষেকের ভাইরাল ছবি ঘিরে জল্পনা
ছবি: সংগৃহীত
০২:৩১ পিএম | ১৫ মে, ২০২৬
বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’ ঘিরে একের পর এক চমক সামনে আসছে। কখনও শুটিং সেট থেকে ছড়িয়ে পড়ছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন-এর দৃশ্য, আবার কখনও আলোচনায় উঠে আসছে অভিষেক বচ্চন-এর তথাকথিত নতুন রূপ।
কিছুদিন আগেই ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ অনুরাগীদের কাছে অনুরোধ করেছিলেন, যেন শুটিংয়ের কোনও দৃশ্য সামাজিক মাধ্যমে ফাঁস না করা হয়। তবে সেই অনুরোধে খুব একটা কাজ হয়নি বলেই মনে করছেন অনেকে। কারণ, তার পরেও একাধিক দৃশ্য ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, একটি গাড়ির উপর দাঁড়িয়ে বন্দুক হাতে রয়েছেন অভিষেক বচ্চন। সেই দৃশ্য ঘিরেই শুরু হয় জল্পনা। অনেকে মনে করতে থাকেন, ছবিতে ভয়ংকর প্রতিপক্ষের চরিত্রে দেখা যাবে তাঁকে। তবে অভিনেতার ঘনিষ্ঠ মহলের দাবি, যে ছবি ছড়িয়ে পড়েছে তা আদৌ ‘কিং’ ছবির দৃশ্য নয়।

জানা গেছে, বর্তমানে আয়ারল্যান্ডে রয়েছেন অভিষেক বচ্চন। একটি ক্রিকেট প্রতিযোগিতার সূত্রেই নাকি সেখানে গিয়েছেন তিনি। ফলে ‘কিং’-এর সেট থেকে তাঁর ছবি ফাঁস হওয়ার খবরকে সম্পূর্ণ ভুল বলেই দাবি করা হচ্ছে।
এর আগে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন-এর শুটিংয়ের কিছু মুহূর্তও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ মুখ খোলেননি। শোনা যাচ্ছে, ছবিতে বিশেষ উপস্থিতিতে দেখা যাবে দীপিকাকে।
এদিকে অনুরাগীদের আরেকটি কৌতূহল ঘিরে রয়েছে রণবীর সিং-কে নিয়ে। বিমানবন্দরে দীপিকার সঙ্গে তাঁকে দেখা যাওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছে, শুটিং সেটেও কি স্ত্রীর সঙ্গে রয়েছেন তিনি? অনেকের ধারণা, অন্তঃসত্ত্বা স্ত্রীর যত্ন নিতেই সঙ্গে গিয়েছেন রণবীর। আবার কেউ কেউ মনে করছেন, কাজের ফাঁকে বিদেশেও সময় কাটাতে পারেন এই তারকা দম্পতি।
ছবিটিতে শাহরুখ খান ছাড়াও অভিনয় করছেন সুহানা খান, আরশাদ ওয়ারসি ও জয়দীপ আহলাওয়াত। ফলে মুক্তির আগেই ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
এসএ/এসএন