রাত ১১টায় বাড়ি ফিরতে চাই না: সাইফ আলি খান
ছবি: সংগৃহীত
০৮:৩৭ পিএম | ১৫ মে, ২০২৬
বলিউডের ‘নবাব’ বললেই যে নামটি প্রথম সারিতে উঠে আসে, তিনি সাইফ আলি খান। অভিজাত পরিবারের পরিবেশে বড় হওয়া এই অভিনেতা বরাবরই নিজের জীবনযাপন নিয়ে আলাদা ভাবনার জন্য পরিচিত। কাজের ক্ষেত্রে যেমন বেছে চলেন, তেমনই ব্যক্তিগত জীবনকেও সমান গুরুত্ব দেন তিনি। আর এবার সেই জীবনদর্শন নিয়েই খোলামেলা কথা বললেন অভিনেতা।
সম্প্রতি মুক্তি পেয়েছে সাইফ অভিনীত নতুন ধারাবাহিক ‘কর্তব্য’। সেই উপলক্ষে এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, জীবনের একটা সময় পর্যন্ত কাজের পিছনে অনেক কিছু বিসর্জন দিয়েছেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাঁর উপলব্ধি বদলেছে। এখন আর শুধুই কাজের জন্য নিজের ব্যক্তিগত সময় হারাতে রাজি নন তিনি।

সাইফের কথায়, কর্মজীবন অনেকটা পাহাড়ে ওঠার মতো। আর পরিবার তাঁর কাছে সেই ‘বেস ক্যাম্প’, যেখানে ফিরে এসে মানুষ ক্লান্তি ভুলে স্বস্তি খুঁজে পায়। কিন্তু যদি সেই বেস ক্যাম্পকেই সময় না দেওয়া যায়, তা হলে জীবনের ভারসাম্য নষ্ট হয়ে যায় বলেই মনে করেন অভিনেতা।
এই ভাবনা অবশ্য আগে ছিল না তাঁর। অভিনেত্রীর কারিনা কাপুর খান-এর সঙ্গে বিয়ে এবং দুই সন্তানের জন্মের পর থেকেই জীবনের অগ্রাধিকার বদলেছে সাইফের। এখন পরিবারকে সময় দেওয়াকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
তাই কাজের ক্ষেত্রেও নিজের জন্য কিছু নিয়ম বেঁধে নিয়েছেন অভিনেতা। দীর্ঘক্ষণ শুটিং করতে আর স্বচ্ছন্দ নন তিনি। বিশেষ করে রাত পর্যন্ত চলা কাজ এখন আর পছন্দ নয় সাইফের। তাঁর স্পষ্ট বক্তব্য, সকাল থেকে রাত পর্যন্ত টানা শুটিংয়ের পরে বাড়ি ফিরতে ফিরতে যদি রাত ১১টা বেজে যায়, তা হলে সেই জীবন তিনি আর চান না।
অভিনেতার মতে, কাজ গুরুত্বপূর্ণ ঠিকই, কিন্তু পরিবারের সঙ্গে সময় কাটানোও সমান প্রয়োজন। সন্তানদের বড় হয়ে ওঠা, পরিবারের ছোট ছোট মুহূর্তএগুলো হারিয়ে ফেলতে চান না তিনি।
বলিউডে বহু বছর কাটানোর পরে এখন জীবনের অন্য মানে খুঁজে পেয়েছেন সাইফ। অভিনয়ের ঝলমলে দুনিয়ার মাঝেও তিনি যেন খুঁজছেন একটু শান্তি, একটু ব্যক্তিগত সময়, আর পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবন।
পিআর/টিকে