© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বনলতা সেন আসলে একটা কোয়েশ্চেন, সবার জিজ্ঞাসা : নাবিলা

শেয়ার করুন:
বনলতা সেন আসলে একটা কোয়েশ্চেন, সবার জিজ্ঞাসা : নাবিলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৪ পিএম | ১৫ মে, ২০২৬
দীর্ঘ প্রতীক্ষা, অনিশ্চয়তা আর একের পর এক মুক্তি পিছিয়ে যাওয়ার পর অবশেষে প্রেক্ষাগৃহে আসছে ‘বনলতা সেন’। বাংলা সাহিত্যের অন্যতম রহস্যময় এবং আলোচিত চরিত্রকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমা এবার মুক্তি পেতে যাচ্ছে আসন্ন ঈদুল আজহায়। কবি জীবনানন্দ দাশ-এর কালজয়ী কবিতা অবলম্বনে তৈরি ছবিটি ঘিরে দর্শকের আগ্রহ অনেক দিনের। আর সেই অপেক্ষার অবসান হতে চলায় স্বস্তি ফিরেছে পুরো টিমের মধ্যেই।

প্রায় আড়াই বছর আগে শেষ হয়েছিল সিনেমাটির শুটিং। কিন্তু পরবর্তী কাজের জটিলতা, বিশেষ করে ভারতের কিছু কারিগরি কাজ দীর্ঘদিন আটকে থাকায় মুক্তি পিছিয়ে যায় বারবার। অবশেষে মুক্তির ঘোষণা আসতেই উচ্ছ্বাস লুকিয়ে রাখতে পারেননি ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মাসুমা রহমান নাবিলা।

অভিনেত্রীর ভাষায়, দীর্ঘদিন ধরেই তাঁদের সবার অপেক্ষা ছিল ছবিটি কবে দর্শকের সামনে আসবে। সম্প্রতি পুরো টিম একসঙ্গে সিনেমাটি দেখেছেন বলেও জানান তিনি। আর ছবিটি দেখার পরই নির্মাতাকে মুক্তির জন্য আরও বেশি চাপ দিতে শুরু করেন তাঁরা।

নাবিলার কথায়, সিনেমাটি এতটাই ভালো লেগেছে যে তিনি সরাসরি নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল-কে প্রশ্ন করেছিলেন, এত সুন্দর একটি সিনেমা কেন আটকে রাখা হচ্ছে। শেষ পর্যন্ত শিল্পীদের সেই আগ্রহ এবং চাপের পরই মুক্তির পরিকল্পনা চূড়ান্ত হয়েছে বলে জানান তিনি।

তবে ‘বনলতা সেন’ চরিত্রটিকে শুধুমাত্র একটি নারী চরিত্র হিসেবে দেখছেন না নাবিলা। তাঁর মতে, এই নামের মধ্যেই রয়েছে এক রহস্য। কবি জীবনানন্দ দাশের কবিতার সেই বনলতা সেন আসলে কে এই প্রশ্ন বহুদিন ধরেই পাঠকদের মনে ঘুরে বেড়াচ্ছে। কেউ মনে করেন, কবির জীবনের কোনও বাস্তব নারী এই চরিত্রের অনুপ্রেরণা। আবার কেউ বলেন, এটি সম্পূর্ণ কল্পনার সৃষ্টি। সেই অনুসন্ধান এবং রহস্যের অনুভূতিকেই সিনেমার পর্দায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

ছবিতে কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন সোহেল মণ্ডল। নাবিলা জানান, পুরো কাজটাই ছিল ভীষণ চ্যালেঞ্জিং। সময়কাল অনুযায়ী সেট, পোশাক এবং পরিবেশ তৈরিতে ছিল আলাদা প্রস্তুতি। সেই চাপের মধ্যেও কাজের অভিজ্ঞতা ছিল দারুণ।

বাংলা সাহিত্যের বহুল আলোচিত একটি কবিতার চরিত্র হয়ে ওঠাও সহজ ছিল না বলে স্বীকার করেছেন অভিনেত্রী। তাঁর মতে, কবিতা নিয়ে প্রত্যেক পাঠকের নিজস্ব কল্পনা থাকে। আর সেই কল্পনার সঙ্গে পর্দার উপস্থাপনাকে মিলিয়ে নেওয়াটা সবসময়ই কঠিন।



এর আগে কবিতা অবলম্বনে নির্মিত ‘কথা হবে তো’তেও অভিনয় করেছিলেন নাবিলা। সেই কাজ যেমন প্রশংসা পেয়েছিল, তেমনই ‘বনলতা সেন’ নিয়েও তিনি আশাবাদী।

এদিকে ঈদের আর খুব বেশি সময় বাকি না থাকলেও এখনও পর্যন্ত ছবিটির প্রচারণা চোখে পড়েনি। তবে খুব শিগগিরই শুরু হচ্ছে জোর প্রচার। ইতোমধ্যে প্রকাশ হয়েছে পোস্টার। সামনে আসবে টিজার, গান এবং ট্রেলারও।

সব মিলিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর ‘বনলতা সেন’ শুধু একটি সিনেমা নয়, বরং বাংলা সাহিত্যের এক চিরন্তন রহস্যকে নতুনভাবে আবিষ্কারের অপেক্ষা হয়ে উঠেছে দর্শকের কাছে।

পিআর/টিকে

মন্তব্য করুন