৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
ছবি: সংগৃহীত
১০:০৬ পিএম | ১৫ মে, ২০২৬
জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পটি শুক্রবার রাতে প্রশান্ত মহাসাগরে মিয়াগি প্রিফেকচার উপকূলের কাছে আঘাত হানে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
জাপান আবহাওয়া সংস্থা জেএমএ জানায়, স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে প্রশান্ত মহাসাগরে মিয়াগি প্রিফেকচার উপকূলের কাছে ভূমিকম্পটি আঘাত হানে।
জেএমএ এরই মধ্যে সতর্ক করেছে, বিশেষ সতর্কতা তুলে নেওয়া হলেও ওই অঞ্চলে আরও বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি এখনো রয়ে গেছে।
এদিকে ভূমিকম্পের কারণে জাপানের দ্রুতগতির শিনকানসেন বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এর আগে, এপ্রিল মাসে একই অঞ্চলের কাছাকাছি এলাকায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছিল, যার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।
উল্লেখ্য, জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। দেশটি প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার অঞ্চলে অবস্থিত, যেখানে চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগ রয়েছে।
এমআই/টিকে