© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুমার নামাজে বাংলা খুতবা পাঠে ফের অনুমতি দিলো কুয়েত

শেয়ার করুন:
জুমার নামাজে বাংলা খুতবা পাঠে ফের অনুমতি দিলো কুয়েত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩০ পিএম | ১৫ মে, ২০২৬
বিদেশের মাটিতে নিজের মাতৃভাষায় খুতবা শোনার প্রতীক্ষার অবসান ঘটিয়ে কুয়েতের বাংলাদেশি অধ্যুষিত অঞ্চলগুলোতে জুমার নামাজ ও দুই ঈদের নামাজে আবারও বাংলায় খুতবা পাঠের অনুমতি দিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়।

বাংলাদেশ ছাড়াও ভারত ও শ্রীলঙ্কার মতো বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য তাদের নিজ নিজ ভাষায় খুতবা পাঠের এই অনুমোদন দেওয়া হয়েছে।

কুয়েতের সালমিয়া, বয়ান, সালুয়া ও মিসরেফ অঞ্চলের সমন্বয়ে রোমতিয়া ৪ নম্বর ব্লকের মসজিদে আগে থেকেই বাংলা খুতবা পাঠের অনুমোদন ছিল। তবে মসজিদটির সংস্কারকাজ চলায় গত প্রায় ছয় মাস সেখানে খুতবা পাঠ বন্ধ ছিল। সংস্কারকাজ শেষে শুক্রবার (১৫ মে) থেকে কুয়েতের ধর্ম মন্ত্রণালয় পুনরায় সেখানে বাংলা খুতবা পাঠের অনুমতি দিয়েছে।

বিদেশের মাটিতে নিজের মাতৃভাষা বাংলায় খুতবা শুনতে আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসী বাংলাদেশিরা বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে জুমার নামাজ আদায় করতে আসেন। দীর্ঘ বিরতির পর আবারও বাংলায় খুতবা পাঠের অনুমতি দেওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

জানা গেছে, কুয়েতের বিভিন্ন বাংলাদেশি অধ্যুষিত অঞ্চলের প্রায় ২০টি মসজিদে বাংলা খুতবা পাঠের অনুমোদন দিয়েছে কুয়েতের ধর্ম মন্ত্রণালয়।

কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী মুসল্লিরা মনে করেন, নিজের মাতৃভাষায় ইমামের দেওয়া খুতবার মাধ্যমে খুব সহজেই দ্বিনি শিক্ষা ও ইসলামের রীতিনীতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। মাতৃভাষায় খুতবা পাঠের ফলে ইসলামের মর্মবাণী অনুধাবন করা যতটা সহজ হয়, অন্য কোনো ভাষায় তা বোঝা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে।

টিকে/

মন্তব্য করুন