© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বোনের ছেলের ছবি শেয়ার করলেন ঋতাভরী

শেয়ার করুন:
বোনের ছেলের ছবি শেয়ার করলেন ঋতাভরী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৫ পিএম | ১৫ মে, ২০২৬
পরিবারে নতুন অতিথি আসার আনন্দ এখনও কাটেনি ঋতাভরী চক্রবর্তী-র। সম্প্রতি মাসি হয়েছেন অভিনেত্রী। আর সেই নতুন পরিচয় নিয়েই এখন ভীষণ আবেগঘন সময় কাটছে তাঁর। এবার আদরের বোনপোকে কোলে নিয়ে সমাজমাধ্যমে ছবি ভাগ করে নিলেন ঋতাভরী। তবে ছবি প্রকাশ করলেও ছোট্ট শিশুর মুখ এখনও আড়ালেই রাখলেন তাঁরা।

গত ২৭ মার্চ মা হয়েছেন ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদা। পুত্রসন্তানের জন্মের খবর প্রথমে গোপনই রেখেছিলেন তিনি। পরে প্রায় এক মাস পর অনুরাগীদের সঙ্গে সেই সুখবর ভাগ করে নেন অভিনেত্রী। ছেলের নাম রাখা হয়েছে আনহাদ জাকির অনিন্দ্য। পরিবারের সবাই অবশ্য তাকে ডাকেন ‘ইনকা’ নামে।

এবার সেই ছোট্ট ইনকাকেই কোলে নিয়ে ছবি প্রকাশ করেছেন ঋতাভরী। ছবিতে দেখা যায়, গোলাপি পোশাক পরে মাসির কোলে নিশ্চিন্তে শুয়ে রয়েছে একরত্তি ইনকা। তবে আগের মতোই এবারও শিশুর মুখ দেখা যায়নি। ভালোবাসার চিহ্ন দিয়ে মুখ আড়াল করে রাখা হয়েছে।



ছবির সঙ্গে আবেগঘন বার্তাও লিখেছেন অভিনেত্রী। ঋতাভরীর ভাষায়, “ইনকা সোনা, আমি তোমার মাসি। তোমার ছোট মা। তুমি আমার জীবন্ত ছোট্ট প্রতিচ্ছবি।”

দিদির মা হওয়ার খবরে শুরু থেকেই সবচেয়ে বেশি উচ্ছ্বসিত ছিলেন ঋতাভরী। এর আগেও সমাজমাধ্যমে দিদির মাতৃত্বের মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, নতুন অতিথির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

২০২২ সালে ছোটবেলার বন্ধু সম্বিত চট্টোপাধ্যায়-এর সঙ্গে বিয়ে হয় চিত্রাঙ্গদার। চলতি বছরের নারী দিবসে প্রথমবার মা হওয়ার সুখবর প্রকাশ্যে আনেন তিনি। এরপর মার্চের শেষ সপ্তাহে জন্ম নেয় ছোট্ট ইনকা।

এখন পুরো পরিবার জুড়েই নতুন সদস্যকে ঘিরে ব্যস্ততা। আর মাসি ঋতাভরীর আদরে যে ছোট্ট ইনকা ইতিমধ্যেই পরিবারের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, সেই ছবিই যেন ধরা পড়ল নতুন পোস্টে।

পিআর/টিকে

মন্তব্য করুন