'ধুরন্ধর ২'-এর গান নিয়ে বিতর্ক!
ছবি: সংগৃহীত
১০:৫৩ পিএম | ১৫ মে, ২০২৬
মুক্তির পর থেকেই আলোচনা আর বিতর্ক যেন পিছু ছাড়ছে না ‘ধুরন্ধর ২’-এর। এবার ছবিটির একটি গান ঘিরে পৌঁছে গেল বিষয়টি আদালত পর্যন্ত। ‘ওয়ে ওয়ে’ গান নিয়ে কপিরাইট বিতর্কে সরগরম বলিপাড়া। আর সেই মামলায় এবার গুরুত্বপূর্ণ নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট।
অভিযোগ উঠেছে, ‘ধুরন্ধর ২’-এর ‘রং দে লাল (ওয়ে ওয়ে)’ গানে অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে পুরনো জনপ্রিয় গান ‘তিরচি টোপিওয়ালে’-র সুর। এই অভিযোগ এনেছে ত্রিমূর্তি ফিল্মস। সংস্থার দাবি, সেই গানের স্বত্ব তাঁদের কাছেই রয়েছে। অথচ কোনও অনুমতি ছাড়াই একই সুর ব্যবহার করেছেন ‘ধুরন্ধর ২’-এর নির্মাতারা।
এই অভিযোগের ভিত্তিতেই আদালতের দ্বারস্থ হয় ত্রিমূর্তি ফিল্মস। ছবির ওটিটি মুক্তি, গানটির প্রচার এবং স্ট্রিমিং বন্ধ রাখার আবেদনও জানানো হয়।
তবে আপাতত কোনও পক্ষের পক্ষেই সরাসরি রায় দেয়নি দিল্লি হাইকোর্ট। বিচারপতি তুষার রাও গেডেলা মধ্যপন্থা অবলম্বন করেছেন। আদালত ছবিটির প্রচার বা ওটিটি মুক্তিতে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে। একইসঙ্গে সুপার ক্যাসেটস-কে চার সপ্তাহের মধ্যে ৫০ লক্ষ টাকা আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, এই অর্থ রেজিস্ট্রার জেনারেলের নামে একটি স্বয়ংক্রিয় নবীকরণযোগ্য ব্যাঙ্ক হিসাবে জমা থাকবে। মামলার চূড়ান্ত রায় ঘোষণার পর বিজয়ী পক্ষ সেই অর্থ পাবে।
অন্যদিকে, সুপার ক্যাসেটসের দাবি, ত্রিমূর্তি ফিল্মস আদালতের কাছে সব তথ্য তুলে ধরেনি। তাঁদের বক্তব্য, অতীতেও ‘ত্রিদেব’ ছবির ওই গান অন্য ছবিতে ব্যবহার হয়েছে, তখন কোনও আপত্তি জানানো হয়নি।
এদিকে বি৬২ ফিল্মস জানিয়েছে, ছবিটি ইতোমধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ফলে এখন মুক্তি আটকে দেওয়ার প্রশ্নই ওঠে না। পাশাপাশি মে মাসের মাঝামাঝি সময়ের আগে ছবিটি ওটিটি মঞ্চে আসছে না বলেও জানানো হয়েছে।

শুনানির সময় আদালত দুই পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দিয়েছিল। কিন্তু সেই বৈঠক থেকেও কোনও সমাধান বেরোয়নি। তাই আপাতত আর্থিক জামানতের পথেই এগোল আদালত।
এর মধ্যেই জানা গেছে, বিদেশে থাকা দর্শকদের জন্য আগামী ১৫ মে থেকে নেটফ্লিক্স-এ মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর ২’। ভারতে ছবিটি দেখা যাবে জিওহটস্টার-এ। যদিও ভারতীয় দর্শকদের জন্য মুক্তির নির্দিষ্ট দিন এখনও ঘোষণা করা হয়নি।
সব মিলিয়ে ছবির সাফল্যের পাশাপাশি এবার আইনি জটিলতাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল ‘ধুরন্ধর ২’-এর সামনে।
পিআর/টিকে