দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন কাঞ্চন মল্লিক
ছবি: সংগৃহীত
০২:৪৮ এএম | ১৬ মে, ২০২৬
ডান চোখের দৃষ্টিশক্তি ক্রমশ হারাতে বসেছিলেন টালিউডের কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিক। তবে ক্লাস ওয়ান থেকে চোখে চশমা পরা এ অভিনেতা বড় বিপদ থেকে ‘এক নতুন সূর্য’র মতো পাশে পেলেন ডাক্তারকে।
আরজি কর আন্দোলনের সময় তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের বিপরীতে প্রতিবাদে শামিল হওয়া ডাক্তারদের নিয়ে আলটপকা মন্তব্য করেছিলেন কাঞ্চন মল্লিক। সেদিন তিনি বলেছিলেন যারা কর্মবিরতি করছেন বা শাসক দলের বিরুদ্ধে বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো, নাকি নিচ্ছেন না? পূজার বোনাসটা নেবেন তো?
সেই সময় এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে রীতিমতো ক্ষোভের মুখে পড়তে হয় অভিনেতাকে। কাঞ্চনের বলা কথার প্রতিবাদ করেন তার ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে শুরু করে আমজনতা। যদিও সেসব এখন অতীত।

বর্তমানে শাসক দলের ছত্রছায়ায় আর তিনি নেই বললেই চলে। সঙ্গে বিধায়ক তকমাও হারিয়েছেন নির্বাচনের পর। যদিও ক্ষমতাসীন দল এবারের নির্বাচনে তাকে মনোনয়ন দেয়নি। এবার এক ডাক্তারকেই নিজের জীবনের ‘একজন নতুন আলো, এক নতুন সূর্য’ বলে অভিহিত করলেন।
শুক্রবার (১৫ মে) সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে কাঞ্চন মল্লিক জানালেন, তার ডান চোখে দৃষ্টিশক্তি ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল। বেশিরভাগ ডাক্তারই যখন হাত তুলে নিয়েছিলেন, তখন একজন চিকিৎসক দেবদূত হয়ে তার জীবনে আসেন। আর লেজার ট্রিটমেন্টের মাধ্যমে ফিরে পান দেখার ক্ষমতা। শুধু তাই নয়, অপারেশন সাকসেসফুল। তাই চশমা পরারও আর প্রয়োজন নেই।
সেই পোস্টে কৌতুক অভিনেতা আরও লিখেছেন, আমার ক্লাস ওয়ানেরও আগে থেকে চোখে চশমা। ডান চোখে সাংঘাতিক মাইনাস পাওয়ার— ডান চোখে মাইনাস ৮, বাম চোখে মাইনাস ৩। ধীরে ধীরে যখন আমার ডান চোখের দৃষ্টিশক্তি কমতে থাকে, আমি বিভিন্ন ডাক্তার দেখানো শুরু করি।
কিন্তু একটা পর্যায় ডাক্তার আমায় বলেন যে, ডান চোখে প্রপার দেওয়া হলে সেটা হবে মাইনাস ১৮! যেটা সারানো একেবারেই অসম্ভব। এভাবেই চলতে হবে সারাজীবন। এরপর স্ত্রী শ্রীময়ী চট্টরাজের পরামর্শে পৌঁছে যান শহরের এক নামি বেসরকারি আই হসপিটালে। সেখানে ড. সমর কুমার বসাক তাকে আশ্বস্ত করেন যে, লেজার অপারেশনের মাধ্যমে অভিনেতা ডান চোখের দৃষ্টি ফিরে পাবেন। আর সেটাই হয়। নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কাঞ্চন।
তিনি লিখেছেন, ড. সমর কুমার বসাক আমার জীবনে শুধু একজন ডাক্তার নন, তিনি আমার জীবনের একজন নতুন আলো, এক নতুন সূর্য; যিনি আমাকে এ পৃথিবীটাকে নতুন করে দেখার সুযোগ করে দিয়েছেন।
লেজার অপারেশনের পর এখন আমার ডান চোখে কোনো পাওয়ারই নেই, বাম চোখে মাইনাস ১। চশমাটি শুধু এখন একটা অপশন মাত্র। দরকার পড়লে পরতে পারি। আমি ভাবতেও পারিনি ৪০ বছরের ওপর যেটিকে নাকের ওপর বহন করেছি, সেটা একটিমাত্র অপারেশনে পালটে যাবে। অপারেশনের পর যখন প্রথম আমি চারপাশে তাকিয়ে দেখেছি, তখন ওই গানটাই মনে পড়েছে— ‘এই এত আলো, এত আকাশ আগে দেখিনি। ওই চোখে পড়েনি...।
আইকে/টিএ