চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লায় পথসভা করবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৭:৪৫ এএম | ১৬ মে, ২০২৬
চাঁদপুর সফরের পথে আজ কুমিল্লায় দুটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) বেলা ১১টায় কুমিল্লার লাকসামের মুদাফফরগঞ্জ বাজারে এবং বেলা ১২টায় বরুড়ার লক্ষ্মীপুর খেলার মাঠে এই পথসভাগুলো অনুষ্ঠিত হবে।
নির্বাচনের পর প্রধানমন্ত্রীর এই প্রথম আগমনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক প্রস্তুতি ও উৎসবের আমেজ দেখা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, চাঁদপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, দলীয় সভাসহ বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। তবে চাঁদপুর পৌঁছানোর আগে কুমিল্লা-চাঁদপুর সড়কের লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারে একটি এবং বরুড়া উপজেলার লক্ষ্মীপুর খেলার মাঠে একটি পথসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সভাস্থল পরিদর্শনের পাশাপাশি ইতোমধ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) কড়া নজরদারি শুরু করেছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরের আগে কুমিল্লায় সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। আমরা আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।
কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) রেজা হাসান বলেন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এসএসএফ এবং সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তায় কাজ করছে। একটি সুশৃঙ্খল পথসভা হবে বলে আমরা আশাবাদী।
কেএন/এসএন