© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আচমকাই কেন বাতিল কানিয়ে ওয়েস্টের দিল্লি কনসার্ট?

শেয়ার করুন:
আচমকাই কেন বাতিল কানিয়ে ওয়েস্টের দিল্লি কনসার্ট?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৩ এএম | ১৬ মে, ২০২৬
ভারত সফর নিয়ে দীর্ঘদিন ধরেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। অবশেষে জনপ্রিয় র‌্যাপার ইয়ে ওরফে কানিয়ে ওয়েস্টের দিল্লি কনসার্টের ঘোষণা হতেই উচ্ছ্বাসে ভেসে গিয়েছিলেন তাঁর ভক্তরা। কিন্তু সেই উচ্ছ্বাস স্থায়ী হল না বেশিদিন। আচমকাই বাতিল করে দেওয়া হল তাঁর বহুল প্রতীক্ষিত নিউ দিল্লির অনুষ্ঠান।

আগামী ২৩ মে রাজধানীতে পারফর্ম করার কথা ছিল ইয়ের। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতি। টিকিট বিক্রিও চলছিল জোরকদমে। কিন্তু হঠাৎ করেই নিরাপত্তাজনিত কারণে এই অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে আয়োজকদের তরফে।

ইভেন্ট অর্গানাইজাররা সামাজিক মাধ্যমে একটি সরকারি বিবৃতি প্রকাশ করে জানান, ভারত সরকার এবং প্রশাসনের নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত শিল্পী, তাঁর টিম এবং অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই শো বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ঠিক কী ধরনের নিরাপত্তা সমস্যা তৈরি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।



একই সঙ্গে আয়োজকদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, যাঁরা আগেই টিকিট কেটেছিলেন তাঁদের সম্পূর্ণ অর্থ আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে ফেরত পাঠানো হবে। ফলে হতাশ হলেও আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে না অনুরাগীদের।

উল্লেখ্য, এর আগেও ভারতে আসার পরিকল্পনা পিছিয়ে গিয়েছিল ইয়ের। গত ২৯ মার্চ তাঁর দেশে আসার কথা থাকলেও সেই সফর স্থগিত হয়ে যায়। তারপর নতুন করে দিল্লি কনসার্টের ঘোষণা সামনে আসতেই ফের উচ্ছ্বাস তৈরি হয়েছিল অনুরাগীদের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত সেই অনুষ্ঠানও বাতিল হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই মন খারাপ ভক্তদের।

বিশ্বজুড়ে বিতর্ক, চমক এবং ব্যতিক্রমী সংগীতের জন্য বরাবরই আলোচনায় থাকেন কানিয়ে ওয়েস্ট। তাঁর ভারত সফর ঘিরেও ছিল তেমনই কৌতূহল। কিন্তু আপাতত দিল্লির মঞ্চে তাঁকে দেখার স্বপ্ন অধরাই থেকে গেল অনুরাগীদের কাছে।

এসএ/টিএ

মন্তব্য করুন