কান নিয়ে মাতামাতিতে বিরক্ত অনুরাগ কাশ্যপ
ছবি: সংগৃহীত
০৯:০২ এএম | ১৬ মে, ২০২৬
প্রতি বছর কান চলচ্চিত্র উৎসব শুরু হলেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন ভারতীয় তারকারা। কে কী পোশাক পরলেন, কার সাজ কতটা নজর কাড়ল, রেড কার্পেটে কার উপস্থিতি সবচেয়ে বেশি চর্চা তৈরি করল- সেই নিয়েই সরগরম থাকে সামাজিক মাধ্যম থেকে বিনোদন জগৎ। কিন্তু সেই প্রবণতাকেই এবার একপ্রকার প্রশ্নের মুখে দাঁড় করালেন পরিচালক অনুরাগ কাশ্যপ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কান চলচ্চিত্র উৎসব নিয়ে নিজের ক্ষোভ এবং হতাশার কথা খোলাখুলি জানিয়েছেন তিনি। অনুরাগের দাবি, ভারতে কান নিয়ে মানুষের আগ্রহ মূলত রেড কার্পেট ঘিরেই সীমাবদ্ধ হয়ে গিয়েছে। অথচ এই উৎসবের আসল উদ্দেশ্য এবং গুরুত্ব অনেক বড়।
পরিচালকের কথায়, মানুষ বুঝতেই চান না যে কান শুধুমাত্র তারকাদের সাজপোশাক প্রদর্শনের জায়গা নয়। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব, যেখানে সিনেমা, নির্মাণশৈলী এবং নতুন ভাবনার আদানপ্রদানই মূল আকর্ষণ হওয়া উচিত। কিন্তু ভারতে সেই আলোচনার বদলে সব নজর চলে যায় কে রেড কার্পেটে হাঁটলেন আর কে কী পরলেন, সেই দিকে।

অনুরাগ জানান, এবারের কান চলচ্চিত্র উৎসবের শুরুর দিনেই তিনি উপস্থিত ছিলেন। কিন্তু অনেকেই সেই খবর জানেন না, কারণ তিনি রেড কার্পেটে হাঁটেননি। তাঁর কথায়, তাঁরা পাশের রাস্তা দিয়েই ভেতরে ঢুকে যান। আর সেই কারণেই সংবাদমাধ্যম বা দর্শকদের নজরে আসেন না।
রেড কার্পেট নিয়ে অতিরিক্ত উন্মাদনাকে তেমন গুরুত্ব দিতে নারাজ অনুরাগ। তাঁর মতে, গোটা চলচ্চিত্র উৎসবের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ অংশই হল রেড কার্পেটে হাঁটা। বরং সিনেমা দেখা, নির্মাতাদের সঙ্গে আলোচনা এবং নতুন কাজের সম্ভাবনা তৈরি করাটাই এই উৎসবের মূল উদ্দেশ্য হওয়া উচিত।
বরাবরই স্পষ্টভাষী হিসেবে পরিচিত অনুরাগ কাশ্যপ। প্রচলিত ধ্যানধারণাকে প্রশ্ন করতে কখনও পিছপা হন না তিনি। এবারও কান চলচ্চিত্র উৎসব নিয়ে তাঁর মন্তব্য নতুন করে বিতর্ক এবং আলোচনার জন্ম দিল বলেই মনে করছে বিনোদন মহল।
এসএ/টিএ