পরবর্তী জেমস বন্ড কে হচ্ছেন?
ছবি: সংগৃহীত
১০:১৯ এএম | ১৬ মে, ২০২৬
‘নামটা বন্ড, জেমস বন্ড’- রূপালি পর্দার সবচেয়ে জনপ্রিয় এই গোয়েন্দা চরিত্রে এবার কে অভিনয় করবেন? গত কয়েক বছর ধরে বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের মনে ঘুরে বেড়ানো এই প্রশ্নের উত্তর হয়তো খুব শীঘ্রই মিলতে চলেছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পরবর্তী জেমস বন্ড চলচ্চিত্রের জন্য অডিশন বা অভিনয়শিল্পী বাছাইয়ের কাজ শুরু হয়েছে।
সিনেমার প্রযোজনা সংস্থা ‘অ্যামাজন এমজিএম স্টুডিওস’ বৃহস্পতিবার (১৪ মে) এক সংক্ষিপ্ত বিবৃতিতে নতুন এই চলচ্চিত্রের প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছে। অনলাইনে প্রকাশিত সেই বিবৃতিতে তারা বলেছে, পরবর্তী জেমস বন্ডের সন্ধান চলছে এবং অভিনয়শিল্পী বাছাই প্রক্রিয়া সবেমাত্র শুরু হয়েছে। তবে অডিশন চলাকালে গোপনীয়তা বজায় রাখা হবে এবং সঠিক সময়েই নতুন ‘০০৭’ অভিনেতার নাম ভক্তদের জানানো হবে বলে স্টুডিও কর্তৃপক্ষ স্পষ্ট করেছে।
২০২১ সালের ‘নো টাইম টু ডাই’ সিনেমায় শেষবারের মতো বন্ডের ভূমিকায় দেখা গিয়েছিল ড্যানিয়েল ক্রেইগকে।

তার বিদায়ের পর থেকেই নতুন বন্ড কে হবেন, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। বন্ডের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ইদ্রিস এলবা, হেনরি ক্যাভিল ও অস্কারজয়ী কিলিয়ান মারফির মতো বড় তারকাদের নাম দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। এ ছাড়া ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার, অ্যারন টেলর-জনসন, হ্যারিস ডিকিনসন ও অস্ট্রেলিয়ান তারকা জ্যাকব এলর্ডির নামও বেশ জোরেশোরে শোনা যাচ্ছে। এমনকি এবার কোনো অভিনেত্রীকে এই চরিত্রে দেখা যেতে পারে বলেও গুঞ্জন রয়েছে।
চলচ্চিত্রটির নাম বা প্রধান অভিনেতা এখনও চূড়ান্ত না হলেও, এর পেছনের মূল কুশলীদের নাম প্রকাশ করেছে স্টুডিও। নতুন এই জেমস বন্ড ছবিটি পরিচালনা করবেন অস্কার-মনোনীত বিখ্যাত ফরাসি-কানাডিয়ান পরিচালক ডেনিস ভিলেনিউভ, যিনি ‘ডুন’, ‘ব্লেড রানার ২০৪৯’ ও ‘অ্যারাইভাল’-এর মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। আর সিনেমাটির দুর্দান্ত চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত জনপ্রিয় লেখক স্টিভেন নাইট।
সূত্র : সিএনএন
এসএ/ টিএ