© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যাটম্যানের রহস্যময় চরিত্রে যোগ দিচ্ছেন স্কারলেট

শেয়ার করুন:
ব্যাটম্যানের রহস্যময় চরিত্রে যোগ দিচ্ছেন স্কারলেট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩০ এএম | ১৬ মে, ২০২৬
গোথাম সিটির অন্ধকার গলি, রহস্যে মোড়া অপরাধজগৎ আর সেই অন্ধকারের মধ্যেই একা লড়ে যাওয়া এক মানুষ— ব্যাটম্যানকে ঘিরে দর্শকদের উন্মাদনা যেন কখনও ফুরোয় না। বিশেষ কোনও অতিমানবীয় শক্তি নয়, বরং বুদ্ধি, প্রযুক্তি আর অদম্য মানসিক শক্তিকেই অস্ত্র বানিয়ে অপরাধের বিরুদ্ধে যুদ্ধ করে ব্রুস ওয়েন। আর সেই কারণেই বছরের পর বছর ধরে ব্যাটম্যান শুধু সুপারহিরো নয়, পপ সংস্কৃতির এক শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে।

২০২২ সালে পরিচালক ম্যাট রিভস যখন ‘দ্য ব্যাটম্যান’ নিয়ে হাজির হন, তখন দর্শকরা দেখেছিলেন এক অন্যরকম ব্যাটম্যানকে। অন্ধকার, একাকিত্ব আর মানসিক দ্বন্দ্বে ভরা সেই চরিত্রে রবার্ট প্যাটিনসনের অভিনয় প্রশংসা কুড়িয়েছিল বিশ্বজুড়ে। বক্স অফিসেও দুর্দান্ত সাফল্য পেয়েছিল সিনেমাটি। তারপর থেকেই দ্বিতীয় পর্বের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা।

অবশেষে শুরু হয়েছে ‘দ্য ব্যাটম্যান: পার্ট টু’-এর কাজ। আর এবার গোথাম সিটির সেই রহস্যময় জগতে নতুন চমক নিয়ে আসছেন ম্যাট রিভস। দ্বিতীয় পর্বে ব্যাটম্যান হিসেবে রবার্ট প্যাটিনসনের ফেরা অনেকটাই নিশ্চিত ছিল। তবে দর্শকদের বড় চমক দিয়েছেন অন্যান্য চরিত্রের অভিনয়শিল্পী নির্বাচনে।



হলিউডের দুই জনপ্রিয় তারকা স্কারলেট জোহানসন এবং সেবাস্টিয়ান স্ট্যানকে এবার দেখা যাবে এই ফ্র্যাঞ্চাইজিতে। দীর্ঘদিন মার্ভেল দুনিয়ায় রাজত্ব করার পর এবার তাঁরা পা রাখছেন ডিসির অন্ধকার ও রহস্যঘেরা জগতে। ফলে সিনেমাটি ঘিরে কৌতূহল আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে।

স্কারলেট জোহানসনকে ঠিক কোন চরিত্রে দেখা যাবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে গুঞ্জন বলছে, তিনি গোথাম সিটির এক প্রভাবশালী এবং রহস্যময় নারীর চরিত্রে অভিনয় করবেন। অনেকের ধারণা, তাঁকে গিল্ডা ডেন্ট চরিত্রে দেখা যেতে পারে। আবার কেউ কেউ মনে করছেন, ক্যাটওম্যান হিসেবেও চমক দিতে পারেন অভিনেত্রী।

অন্যদিকে সেবাস্টিয়ান স্ট্যানকে দেখা যাবে হার্ভি ডেন্ট চরিত্রে। গোথাম সিটির দক্ষ এবং জনপ্রিয় ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হিসেবে পরিচিত এই চরিত্রই পরে ভয়ংকর খলনায়ক ‘টু-ফেস’-এ রূপান্তরিত হবে। ফলে গল্পে মনস্তাত্ত্বিক অন্ধকার এবং নাটকীয়তা যে আরও বাড়বে, তা স্পষ্ট।

শুধু এই দুই তারকাই নন, সিনেমাটিতে যুক্ত হয়েছেন ‘গেম অব থ্রোনস’খ্যাত চার্লস ডান্স, ব্রায়ান টাইরি হেনরি, সেবাস্তিয়ান কচ, জেমি লসন এবং গিল পেরেজ-আব্রাহামও। ইতিমধ্যেই যুক্তরাজ্যে শুরু হয়ে গিয়েছে শুটিং। আগের পর্বের অভিনেতা কলিন ফ্যারেল, জেফরি রাইট এবং অ্যান্ডি সার্কিসও ফিরছেন নিজেদের চরিত্রে।

পরিচালক ম্যাট রিভস জানিয়েছেন, দ্বিতীয় পর্বটি প্রথম সিনেমার চেয়েও বেশি গভীর এবং অনুসন্ধানধর্মী হবে। এবার ব্যাটম্যানকে আরও জটিল অপরাধ, ভয়ংকর মানসিক খেলা এবং গোথামের অন্ধকার সত্যের মুখোমুখি হতে দেখা যাবে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ১ অক্টোবর মুক্তি পাবে ‘দ্য ব্যাটম্যান: পার্ট টু’।

এসএ/টিএ

মন্তব্য করুন