© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান, পথে পথে উচ্ছ্বাস

শেয়ার করুন:
কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান, পথে পথে উচ্ছ্বাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৫ পিএম | ১৬ মে, ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কুমিল্লা সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৬ মে) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

শনিবার (১৬ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু এলাকা অতিক্রম করলে মহাসড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান। ১১টা ৪৫ মিনিট, তখন প্রধানমন্ত্রীর গাড়িবহরের অবস্থান কুমিল্লার নিমসার এলাকায়। সোয়া ১২টায় কুমিল্লার আলেখাচর বিশ্বরোড এলাকা অতিক্রম করেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড পর্যন্ত পুরো মহাসড়কজুড়ে উৎসুক মানুষের ভিড় ও উচ্ছ্বাস দেখা দেখা গেছে।
তারেক রহমান চাঁদপুর সফরের পথে কুমিল্লার বরুড়া উপজেলায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের পাশে বরুড়া উপজেলায় আয়োজিত পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন। তার নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী মহাসড়কের পাশে অবস্থান নেন।
এ ছাড়া ইলিয়টগঞ্জ এলাকায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সমর্থকরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

নিমসার বাজার এলাকায় হাজি জসিম উদ্দিন এমপির সমর্থকরাও সড়কের পাশে অবস্থান নেন।

অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর থেকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়ক পর্যন্ত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, কুমিল্লা মহানগর বিএনপি এবং কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কর্মী-সমর্থকরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

একইভাবে বিজরা থেকে সভাস্থল পর্যন্ত কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বেও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রশাসনের কর্মকর্তাদেরও মাঠে সক্রিয় দেখা গেছে।
যান চলাচল স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। কুমিল্লায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। যা ভাষায় প্রকাশ করা যাবে না।’

এসকে/টিএ

মন্তব্য করুন