একদিনের জন্য হলেও সাংবাদিকতা করতে চান দীঘি
ছবি: সংগৃহীত
০১:৪৮ পিএম | ১৬ মে, ২০২৬
শিশুশিল্পী হিসেবে শাকিব খানের সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছিলেন চিত্রনায়িকা দীঘি। ‘চাচ্চু’ সিনেমায় একসঙ্গে কাজ করার আগে থেকেই শাকিব খানকে চাচ্চু ডাকতেন তিনি। দিঘী জানান, সময় সুযোগ হলে শাকিব খানের একটি ভিন্নধর্মী ইন্টারভিউ নিতে চান তিনি।
এ সময়ের অন্যতম পডকাস্ট বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকেতে অতিথি হয়ে এসে এ ইচ্ছার কথা ব্যক্ত করেছেন দীঘি। আজ শনিবার ১৬ মে, রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচার হবে এই বিশেষ পডকাস্ট। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টে দীঘি বলেছেন, যেহেতু একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে তিনি পড়ছেন।

সেই সূত্র ধরেই একদিনের জন্য হলেও সাংবাদিকতা করতে চান তিনি। তাকে প্রশ্ন করা হয়, সুযোগ পেলে কোন তারকার ইন্টারভিউ নেবে দীঘি? উত্তরে দীঘি জানান, অনেকদিন ধরেই তার ইচ্ছা, শাকিব খানের সাক্ষাতকার নেবেন, যে সাক্ষাতকার কিছুটা ভিন্নধর্মী হবে। দীঘি জানান, একদিনের জন্য হলেও ক্যামেরার পেছনে কাজ করতে চান। পরিচালক হবার স্বপ্ন তার রয়েছে। প্রায় ১২০ মিনিটের পডকাস্টে দীঘি খোলামেলা অনেক কথা বলেছেন। তাকে ঘিরে বিভিন্ন কৌতুহল ও সমালোচনার উত্তর দিয়েছেন।
চিত্রপরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, মোস্তফা সরয়ার ফারুকী, রায়হান রাফী, জয়া আহসান, পূজা চেরি, তৌহিদ আফ্রিদিকে নিয়ে দীঘি এমন কিছু বলেছেন, যা আগে কখনো বলেননি। বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।
এসএ/টিএ