শিগগিরই গঠিত হবে তিন পার্বত্য জেলা পরিষদ: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
ছবি: সংগৃহীত
০২:৩৩ পিএম | ১৬ মে, ২০২৬
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ গঠনের প্রক্রিয়া চলমান এবং প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে শিগগিরই তা গঠন করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
শনিবার সকালে রাঙামাটি শহরের মোনঘর আবাসিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে ব্র্যাক কুমন লার্নিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
পার্বত্যমন্ত্রী বলেন, ‘বর্তমান জেলা পরিষদ অন্তর্বর্তীকালীন প্রক্রিয়ার মধ্যে আছে, নির্বাচন না হওয়া পর্যন্ত এটি এই প্রক্রিয়াই থাকবে। অন্তর্বর্তীকালীন আইনের বিধান মেনেই সব জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে জেলা পরিষদগুলো গঠন করা হবে।’
এমএইচএসডিএফসি ব্যাংক লিমিটেডের সহায়তায় এবং ব্র্যাক কুমন লিমিটেড ও মোনঘরের যৌথ উদ্যোগে লার্নিং সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন–মোনঘরের সভাপতি উদয় শংকর মহাথের, ব্র্যাক কুমন লিমিটেডের চিফ বিজনেস অফিসার নেহাল বিন হাসান, এমএইচএসডিএফসি ব্যাংক লিমিটেড বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও ম্যানেজিং ডিরেক্টর কিমুরা কেঞ্জি, ভাইস প্রেসিডেন্ট গোলাম কিবরিয়া, মোনঘরের মহাসচিব কীর্তি শিখান চাকমা এবং জাইকা বাংলাদেশের অফিসের স্পেশাল অ্যাডভাইজার কিয়োকো আমাদা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান বলেন, ‘পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি বলেন, ‘নতুন প্রজন্মকে দক্ষ, আত্মনির্ভরশীল ও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই।’
এই কার্যক্রমের আওতায় পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪০ শিক্ষার্থী ব্র্যাক কুমন ইন-স্কুল প্রোগ্রামের মাধ্যমে কুমন মেথডে পড়াশোনার সুযোগ পাবে।
এসকে/টিএ