ঈদে আসছে জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মৌয়ের ওয়েব ফিল্ম
ছবি: সংগৃহীত
০৩:৩৫ পিএম | ১৬ মে, ২০২৬
প্রয়াত কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত হয়েছে নতুন ওয়েব সিনেমা ‘সারার সংসার’। সিনেমাটি পরিচালনা করেছেন আকা রেজা গালিব।
এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ।
আসন্ন কোরবানির ঈদে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ মুক্তি পাবে ওয়েব সিনেমাটি। সম্প্রতি প্রকাশ করা হয়েছে এর ফার্স্ট লুক পোস্টার। পোস্টার প্রকাশের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে মুক্তির ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
মূল উপন্যাস ‘আর্তনাদ’-এর পটভূমি ছিল সত্তরের দশক। তবে বর্তমান সময়ের সঙ্গে মিল রেখে ‘সারার সংসার’-এর গল্পকে আধুনিক প্রেক্ষাপটে সাজানো হয়েছে। চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর।
ওয়েব সিনেমাটির গল্পে দেখা যাবে, মৌ অভিনীত সারা এক রাতে ঘটনাক্রমে মেয়ের গোপন প্রেমিককে হত্যা করে ফেলে।
পরে মেয়ের সম্মান রক্ষায় পুরো ঘটনা গোপন করার চেষ্টা করে সে। লাশ সরিয়ে ফেললেও পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। নিখোঁজ ব্যক্তিকে ঘিরে পুলিশ তদন্ত শুরু করলে পরিবার, অপরাধবোধ, আতঙ্ক ও রহস্যে গল্প এগিয়ে যায় টানটান উত্তেজনায়।
সিনেমাটি নিয়ে সাদিয়া ইসলাম মৌ বলেন, ‘অনেক দিন পর এমন একটি চরিত্রে কাজ করলাম, যেখানে আবেগ, ভয়, মানসিক টানাপোড়েন–সব একসঙ্গে রয়েছে। সারা চরিত্রটি খুব চ্যালেঞ্জিং ছিল।

গল্পটা পড়েই মনে হয়েছে, দর্শক নতুন ধরনের কিছু দেখতে পাবেন।’
নির্মাতা আকা রেজা গালিব জানান, কাজী আনোয়ার হোসেনের সাহিত্যভান্ডারে মাসুদ রানা ছাড়াও অসাধারণ অনেক গল্প রয়েছে। ‘সারার সংসার’ তেমনই একটি গল্প, যেখানে পারিবারিক সম্পর্কের পাশাপাশি রহস্য ও সাসপেন্সও রয়েছে।
ওয়েব সিনেমাটিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি এবং ইহতেশাম আহমেদ টিংকু।
গত বছরের জুলাইয়ে সিনেমাটির ঘোষণা দেওয়া হলেও এর দৃশ্যধারণ শেষ হয়েছিল আরও আগে। তখন সিনেমাটির নাম ছিল ‘গহীন অতল’। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘সারার সংসার’।
পিআর/টিকে